বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরুর জেপি নগরে দেখা গেল এক হাড়হিম করা দৃশ্য। সাংসারিক ঝুটঝামেলার জেরে দা এবং অ্যাসিডের বোতল নিয়ে ২৬ বছর বয়সি এক বাঙালি নার্সকে তাড়া করেন তাঁর স্বামী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেই নার্স। এলাকা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আহত মহিলার নাম মধুমিতা। বাড়ি কলকাতায়। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন ও ঘটনাস্থলের কাছেই একটি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন। সাড়ে ৯টা নাগাদ প্রাতরাশ সারতে বাইরে বেরিয়েছিলেন তিনি। এই সময়ে তাঁর স্বামী বেঙ্কটেশন বাইকে চড়ে সেখানে উপস্থিত হন এবং দা ও অ্যাসিড হাতে তাঁকে তাড়া করেন। প্রথমে দা দিয়ে তাঁকে আঘাত করা হয়। তার পর তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে দেন বেঙ্কটেশন এবং সেখান থেকে পালানোর চেষ্টা করেন।
আরও পড়ুন:
নিজেকে বাঁচাতে স্বাস্থ্যকেন্দ্রের বেসমেন্টের পার্কিং এলাকায় আশ্রয় নেন মধুমিতা। প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটতে দেখে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন কয়েক জন পথচারী। বেঙ্কটেশনকে লক্ষ্য করে পাথর ছোড়েন তাঁরা। তাঁদেরও আক্রমণ করার চেষ্টা করেন অভিযুক্ত।
নিকটবর্তী একটি সিগন্যালে একজন ট্রাফিক পুলিশ মোতায়েন ছিলেন। দূর থেকে গোলযোগটি লক্ষ করছিলেন তিনি। পালানোর সময় তিনি বেঙ্কটেশনকে পাকড়াও করেন।
আপাতত গুরুতর ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি মধুমিতা। জেপি নগর থানার আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর স্বামীকে গ্রেফতার করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে, এই হামলার পিছনে সঠিক কারণ কী।