পঞ্জাবে কংগ্রেসের অশান্তি থামাতে মাঠে নামলেন সে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা ভূপেশ বঘেল। আজ বঘেল পঞ্জাব পৌঁছে একাধিক কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করলেও বাদ রইলেন এই মুহূর্তে পঞ্জাবে কংগ্রেসের বিদ্রোহীদের মুখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী। বঘেল ঘনিষ্ঠদের মতে, আগামী এক-দু’দিনের মধ্যে চন্নীর সঙ্গে বৈঠক হতে চলেছে। যদিও বিজেপির দাবি, পঞ্জাবে কংগ্রেসের ভাঙন এখন সময়ের অপেক্ষা।
আগামী বছরের শুরুতে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ওই রাজ্যে আম আদমি পার্টির সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কংগ্রেস। সম্প্রতি পুর নির্বাচনে পঞ্জাবে বিজেপির তুলনায় ভাল ফল করেছে কংগ্রেস। মূলত ওই নির্বাচনে চন্নীর প্রচার করা এলাকায় ভাল ফল হওয়ায় বিধানসভা ভোটের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিংকে সরানোর দাবি ওঠে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাতে রাজি না হওয়ায় গৃহবিবাদের সূত্রপাত হয় পঞ্জাব কংগ্রেসে। এই আবহে আজ পঞ্জাবে পা দিয়েছেন ভূপেশ। মোহালিতে রাজ্যের সব জেলা সভাপতির সঙ্গে বৈঠক করে রাজ্যের আসন্ন ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। দলের নির্বাচনী প্রচার কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন চন্নী। উল্টে নিজের অনুগামীদের সঙ্গে বৈঠক করার ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি। বঘেল শিবিরের দাবি, আজ রাজ্য সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিংয়ের সঙ্গে সময়াভাবে দেখা হয়নি বঘেলের। দলের মধ্যে কোনও ধরনের দ্বন্দ্বের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বঘেল।