E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পহেলগামের জেরে পিছোল বিজেপির সভাপতি নির্বাচনও

বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে ফের তৎপরতা শুরু হবে বলে ঘরোয়া ভাবে জানিয়ে দিলেন বিজেপি নেতৃত্ব। ফলে বর্তমান সভাপতি জে পি নড্ডার মেয়াদ আপাতত আরও কিছু দিনের জন্য বাড়তে চলেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৫:২৫

— প্রতীকী চিত্র।

দেশ চাইছে প্রত্যাঘাত। প্রাথমিক অগ্রাধিকার, জঙ্গিদের নিকেশ করা এবং পাকিস্তানকে কড়া জবাব দেওয়া। পহেলগাম সন্ত্রাসের সেই সমুচিত জবাব দেওয়ার পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে ফের তৎপরতা শুরু হবে বলে আজ ঘরোয়া ভাবে জানিয়ে দিলেন বিজেপি নেতৃত্ব। ফলে বর্তমান সভাপতি জে পি নড্ডার মেয়াদ আপাতত আরও কিছু দিনের জন্য বাড়তে চলেছে।

এপ্রিল মাসের গোড়ায় সংসদে বাজেট অধিবেশন শেষ হওয়ার পরে বিজেপি সভাপতি নির্বাচনের কাজে কিছুটা গতি এসেছিল। বেশ কিছু রাজ্যে তড়িঘড়ি রাজ্য সভাপতি নির্বাচনের কাজও শেষ করে ফেলেছিল দল, যা কেন্দ্রীয় স্তরে সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু বিজেপি সূত্রের মতে, পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে আরএসএস শীর্ষ নেতৃত্ব ও নরেন্দ্র মোদী-অমিত শাহদের মধ্যে ঐকমত্য না হওয়ায় বিষয়টিফের গতি হারায়। এরই মধ্যে গত মঙ্গলবার পহেলগামের বৈসরনে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মারা যান ২৬ জন পর্যটক। তার পর থেকেই দেশবাসীর বড় অংশ উচিত জবাবের জন্য মুখিয়ে রয়েছেন।

আজ বিজেপি সভাপতি নির্বাচন প্রসঙ্গে দলের এক নেতা বলেন, ‘‘গোটা দেশ এখন প্রতিশোধ চাইছে। এই পরিস্থিতিতে দল নিয়ে ভাবার সময় কোথায়! সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছেন। তাই আপাতত ঠিক হয়েছে, সভাপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি কিছু দিন ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ওই প্রক্রিয়া শুরু হবে।’’ যত দিন নতুন সর্বভারতীয় সভাপতি বেছে না নেওয়া হচ্ছে, তত দিন যে ভাবে বর্তমান সভাপতি দায়িত্ব সামলাচ্ছিলেন, সেই ভাবেই কাজ চালিয়ে যাবেন। রাজনীতিকদের মতে, বিষয়টি ঠান্ডা ঘরে পাঠিয়ে সভাপতি নির্বাচন নিয়ে আরএসএসের সঙ্গে চলতে থাকা মনোমালিন্যও সাময়িক ভাবে এড়াতে সক্ষম হলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BJP President Election Pahalgam Incident Pahalgam Terror Attack BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy