E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পাসপোর্ট নিয়ে রাহুলের আর্জির বিরোধিতা স্বামীর

লোকসভার সাংসদ পদ খারিজের পরে রাহুল গান্ধী তাঁর সাংসদ হিসেবে পাওয়া কূটনৈতিক পাসপোর্ট জমা করে নতুন পাসপোর্টের আবেদন জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ০৮:২২
An image of Rahul Gandhi and BJP leader Subrahmanyan Swamy

রাহুল গান্ধীকে নতুন পাসপোর্ট দেওয়া নিয়ে আপত্তি তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যন স্বামী। ছবি: সংগৃহীত।

রাহুল গান্ধীকে নতুন পাসপোর্ট দেওয়া নিয়ে আপত্তি তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যন স্বামী। তাঁর দাবি, রাহুল গান্ধীকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হলে ন্যাশনাল হেরাল্ড তদন্তে বাধা পড়বে।

লোকসভার সাংসদ পদ খারিজের পরে রাহুল গান্ধী তাঁর সাংসদ হিসেবে পাওয়া কূটনৈতিক পাসপোর্ট জমা করে নতুন পাসপোর্টের আবেদন জানিয়েছেন। তার জন্য ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ পেতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আর্জি জানিয়েছিলেন রাহুল। কিন্তু স্বামী আজ তার বিরোধিতা করে যুক্তি দিয়েছেন, ন্যাশনাল হেরাল্ডের দুর্নীতির মামলায় সনিয়া ও রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এই সময়ে রাহুলকে বিদেশে যেতে দিলে তদন্তের ক্ষতি হতে পারে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি রাহুল গান্ধীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছিল। রাহুল আদালত থেকে আগাম জামিনও পেয়েছেন। আজ অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বৈভব মেহতা জানিয়েছেন, আগাম জামিনের রায়ে রাহুলের বিদেশ যাত্রা নিয়ে কোনও শর্ত আরোপ করা হয়নি। তবে রাহুলের আর্জির বিরোধিতা করে স্বামীর জবাব দেওয়ার অধিকার রয়েছে। কারণ তিনিই এই মামলায় প্রধান অভিযোগকারী। ২৬ মে এই মামলার পরবর্তী শুনানি।

এর ফলে রাহুল গান্ধীর আগামী সপ্তাহে আমেরিকা যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ ২৮ মে রাহুলের আমেরিকা রওনা হওয়ার কথা। তিনি ‘ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেস’ আয়োজিত প্রবাসী ভারতীয়দের সম্মেলনে যোগ দেবেন। ২৮ মে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাহুলের ‘দ্য নিউ গ্লোবাল ইকুলিব্রিয়াম’ নিয়ে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rahul Gandhi Subramanian Swamy Congress BJP passport

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy