সদ্যগঠিত নিজস্ব ‘টিম’-এর সদস্যদের সঙ্গে আগামিকাল বৈঠকে বসতে চলেছেন বিজেপি সভাপতি নিতিন নবীন।
বিজেপি সূত্রের মতে, বৈঠকটি মূলত সৌজন্যমূলক। তবে যে হেতু ছ’মাসের মধ্যে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন, তাই বৈঠকে বিনোদ তাউড়ে, স্মৃতি ইরানি, বিপ্লব দেব, সুনীল বনসলদের মতো সাধারণ সম্পাদকদের দায়িত্ব ভাগ করে দিতে চলেছেন নিতিন।
অন্য আর একটি বৈঠকে সব রাজ্যের বিজেপি সভাপতি ও রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন)-দের সঙ্গে বসার কথা রয়েছে নিতিনের। যেখানে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ হওয়াকে কী ভাবে গোটা দেশ জুড়ে উদ্যাপন করা যায় তা স্থির হবে। সূত্রের মতে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সঙ্কল্প মহোৎসব’ নামে ওই অভিযান চালানো হবে। যা চলবে এক মাস। মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও রয়েছে। সেই দিনটি বিশেষ ভাবে উদ্যাপনের পরিকল্পনা রয়েছে দলের। বিজেপি সূত্রের মতে, এক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে জনতার কাছে মোদীর কুর্সিতে বসার ২৫ বছরের যাত্রাকে পৌঁছে দিতে রক্তদান শিবির, বৃক্ষরোপণ, স্বাস্থ্যশিবিরের আয়োজন করবে দল। এ ছাড়া দেশের পিছিয়ে পড়া প্রান্তে বিভিন্ন শিবিরের আয়োজন করা হবে। যাতে সরকারের জনকল্যানমূলক প্রকল্পগুলির বিষয়ে প্রান্তিক এলাকার মানুষকে সচেতন করা সম্ভব হয়। তৃতীয় বৈঠকে নিতিন মিলিত হবেন রাজ্য সভাপতি ও সাংগঠনিক নেতাদের সঙ্গে। উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রীদের।