ভোট চুরির অভিযোগে কংগ্রেসের আন্দোলনের জবাবে দিল্লিতে পথে নামলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি সভাপতি নিতিন নবীন। তাঁর দাবি, রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেস ‘শেষ নিঃশ্বাস’ ফেলছে। ২০২৯ সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ‘ভবিষ্যদ্বাণী’ও করেন নিতিন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ১ নভেম্বর দিল্লিতে রাহুলদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, তাঁরা এই কর্মসূচিকে সমর্থন জানাচ্ছেন। তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে পথে নামার সিদ্ধান্ত নেয় বিজেপি। নভেম্বরের গোড়ায় হায়দরাবাদ ও হরিয়ানার কার্নালেও কংগ্রেস-বিরোধী পদযাত্রায় অংশ নেওয়ার কথা অমিত শাহের। এ দিন চাঁদনি চক এলাকার জৈন লাল মন্দির থেকে টাউন হল চক পর্যন্ত মিছিল করে বিজেপি। দলীয় সূত্রের মতে, ভোটার তালিকার সংস্কারের কাজ কতটা যুক্তিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠছে কর্মীদেরই একাংশের মধ্যে। নিতিন বলেন, ‘‘বিজেপি ভোটার তালিকা থেকে বিদেশি বহিরাগতদের বাদ দিতে বদ্ধপরিকর। রাহুলের সঙ্গে সংবিধানের সম্পর্ক নেই। রাজ্যগুলিতে কংগ্রেসের যা হাল, তাতে রাহুল গাঁধীর হাতে দল এখন শেষ নিঃশ্বাস ফেলছে।’’