বিধানসভা ভোটের বাকি আর মাস তিনেক। আর তা ‘পাখির চোখ’ করে উত্তরপ্রদেশে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। চলতি সপ্তাহেই উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধরী রাজ্য কর্মসমিতি পুনর্গঠন করেছেন। সেখানে ঠাঁই পেয়েছেন মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ। শুক্রবারই বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য প্রথম বৈঠকে বসছে উত্তরপ্রদেশ বিজেপি কর্মসমিতি।
২০২৪ সালের মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। বজরং পুনিয়া, বিনেশ ফোগাট, সাক্ষী মালিকের মতো নামী কুস্তিগিরেরা ব্রিজভূষণের শাস্তির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন। কিন্তু উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে গত ৩ অগস্ট ব্রিজভূষণকে বেকসুর খালাস করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ ট্রায়াল কোর্ট (অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত)। ওই মামলায় তাঁর ঘনিষ্ঠ বিনোদ তোমরকেও মুক্তি দেওয়া হয়। তিনি ভারতের কুস্তিসংস্থার সহ-সচিব ছিলেন।
আরও পড়ুন:
মহিলা কুস্তিগিরেরা ওই খালাসের রায়কে চ্যালেঞ্জ করে বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিশেষ আদালতের বিচারক ডি বিনয় সিংহ সেই আবেদন গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে জবাবদিহির নির্দেশ দিয়েছে ব্রিজভূষণকে। তারই মধ্যে নতুন পদপ্রাপ্তি হল তাঁর। প্রথম বার রাজ্য বিজেপির কর্মসমিতির সদস্য হলেন ছ’বারের লোকসভা সাংসদ। প্রসঙ্গত, যৌন নির্যাতনের মামলায় নাম জড়ানোর পরে ২০২৪ সালে ব্রিজভূষণকে টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে তাঁর পুত্র করণভূষণকে কায়সরগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছিল। তিনি বর্তমানে বিজেপি সাংসদ।