১৩ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। মৃতার নাম প্রাচী (১৪)। সে রাজনগর এক্সটেশনের বাসিন্দা। সঞ্জয় নগরের একটি ইংরাজিমাধ্যম স্কুলে পড়ত প্রাচী।
জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ স্থানীয়েরা ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান। কী পড়েছে, তা দেখার জন্য তাঁরা বেরিয়ে আসতেই দেখেন প্রাচী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
পরিবার সূত্রে দাবি, ব্যালকনিতে জামাকাপড় শুকোতে দেওয়া ছিল। সেই জামাকাপড় আনতে গিয়েছিল প্রাচী। তখনই সে পড়ে যায়। পা পিছলে পড়ে গিয়েছে, না কি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা জানা যায়নি। সিসিটিভি ফুটেজ থেকে কোনও কিছু পাওয়া যায় কি না, তা দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পরিবার জানিয়েছে, দু’দিন আগেই মহারাষ্ট্রের শিরডি থেকে রোপ স্কিপিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জিতে বাড়ি ফিরেছিল প্রাচী। ‘ডাবল ডাচ পেয়ার ফ্রিস্টাইল’ এবং ‘ডাবল ডাচ সিঙ্গল ফ্রিস্টাইল’ বিভাগে সোনা জিতেছিল সে।
প্রাচীর বাবা সুরেশ চন্দ বহুজাতিক সংস্থায় সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার। যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় বাড়িতেই ছিলেন প্রাচীর বাবা, মা, বোন এবং ঠাকুরমা, ঠাকুরদা।