কুয়েত, ফিনল্যান্ড এবং হন্ডুরাসের পাশাপাশি, ভারতের জাতিগত বৈষম্য দূরীকরণ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের কমিটির রিপোর্ট প্রকাশ্যে এল। তাতে ভারতের দলিত, জনজাতি এবং অন্যান্য প্রান্তিক জনজাতির উপরে মানবাধিকার লঙ্ঘন ও বৈষম্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, তফসিলি জাতি, উপজাতি এবং জনজাতির বিরুদ্ধে আইনপ্রয়োগকারী আধিকারিকদের অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচারে আটক রাখা, নির্যাতন, লিঙ্গভিত্তিক ও যৌন সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটছে যা নিয়ে কমিটি উদ্বিগ্ন। নয়াদিল্লির তরফে এ ব্যাপারে কোনও বক্তব্য মেলেনি। তবে নিঃসন্দেহে বিষয়টি অস্বস্তি বাড়াবে মোদী সরকারের।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্টের বক্তব্য, পুলিশি তল্লাশি ও পরীক্ষার নামে জাতিগত শনাক্তকরণ এবং কিছু ক্ষেত্রে বিচার বহির্ভূত পদক্ষেপ ও আটকের মতো ঘটনা বাড়ছে। এই ধরনের প্রতিটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে ভারতকে বলেছে ওই কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে এপ্রিল ২০২৫-এর পহেলগাম হামলার পর থেকে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিশানা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও তল্লাশি বেড়েছে।