E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভোটমুখী দুই রাজ্যে কংগ্রেসের নতুন সভাপতি

পঞ্জাবে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দু’দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গাঁধীর ঘনিষ্ঠ অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং ইস্তফা দিয়েছিলেন। গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে সম্প্রতি পঞ্জাবের দায়িত্বে সচিন পাইলটকে পাঠানো হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ০৬:৫৫

—প্রতীকী চিত্র।

একই দিনে দুই ভোটমুখী রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি বদলে ফেললেন মল্লিকার্জুন খড়্গে, রাহুল গাঁধীরা। ছয় মাসের মধ্যে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের ভোট। তার আগে দু’বার অলিম্পিকে খেলে আসা জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পারগত সিংহকে পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়োগ করা হয়েছে। তিনি এখন জালন্ধর ক্যান্টনমেন্টের বিধায়ক।

উত্তরপ্রদেশে নতুন প্রদেশ কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়ঙ্কা গাঁধী বঢরার ঘনিষ্ঠ আরাধনা মিশ্র মোনাকে। কংগ্রেসের ব্রাহ্মণ নেতা প্রমোদ তিওয়ারির কন্যা আরাধনা এখন উত্তরপ্রদেশে কংগ্রেসের পরিষদীয় দলনেত্রী। ব্রাহ্মণ ভোটের সঙ্গে সংখ্যালঘু, দলিত ও ওবিসি ভোটব্যাঙ্ককেও বার্তা দিতে কংগ্রেস রাজ্যের কার্যকরী সভাপতি হিসেবে ইমরান মাসুদ, বরিষ্ঠ সহ-সভাপতি হিসেবে ওবিসি নেতা দেবেন্দ্র নিষাদ ও দলিত নেতা অলোক প্রসাদকেনিয়োগ করেছে।

পঞ্জাবে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দু’দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গাঁধীর ঘনিষ্ঠ অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং ইস্তফা দিয়েছিলেন। গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে সম্প্রতি পঞ্জাবের দায়িত্বে সচিন পাইলটকে পাঠানো হয়েছিল। ওয়ারিং আজ দিল্লিতে রাহুল গাঁধীর সঙ্গে বৈঠক করেন। তার পরে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, পাইলট তাঁকে সরানোর সিদ্ধান্ত নিয়েই পঞ্জাবে গিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী তাঁকে সরাতে চেয়েছিলেন। তাঁরইজয় হল।

অন্য দিকে, উত্তরপ্রদেশে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতমের সঙ্গে প্রদেশ সভাপতি অজয় রাইয়ের বিরোধ বেঁধেছিল। গত লোকসভা নির্বাচনে বারাণসীর ভোটে নরেন্দ্র মোদীকে বেগ দেওয়া রাইকে প্রদেশ সভাপতির পদ থেকে সরালেও তাঁকে নির্বাচনে অন্য গুরুদায়িত্ব দেওয়া হবে বলে সূত্রের খবর।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Congress Assembly Election

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy