গোয়া থেকে রওনা দিয়েছিল দিল্লির উদ্দেশে। আকাশে ওড়ার পরে আচমকাই ত্রুটি ধরা পড়ে ইন্ডিগোর ৬ই ২১০২ উড়ানে। দ্রুত বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয় গোয়া বিমানবন্দরের দিকে। প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা থেকে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।
মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিটে গোয়া বিমানবন্দর থেকে ওড়ে ইন্ডিগোর বিমানটি। আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিনে বিপত্তি দেখা দেয়। গোয়া বিমানবন্দর সূত্রে ইন্ডিয়া টুডে জানাচ্ছে, সকাল সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দরে জরুরি পরিস্থিতি ঘোষণা করে এয়ার ট্রাফিক কন্ট্রোল। অর্থাৎ, ওই বিমানটিকে আগে নামার সুযোগ দেওয়া হয়। তার পরে অন্য বিমান ওঠানামা করে। সূত্রের খবর, সকাল ৯টা ৫১ মিনিটে নিরাপদে রানওয়েতে অবতরণ করে বিমানটি। যাত্রীরাও সকলে নিরাপদে রয়েছেন বলে জানা যাচ্ছে।
‘ফ্লাইটর্যাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, বিমানটি মহারাষ্ট্রের দক্ষিণ ভাগের উপকূলের উপর দিয়ে দিল্লির দিকে যাচ্ছিল। সেখান থেকেই বিমানটি আবার ফিরে আসে। বিমানের অভিমুখ ঘোরানোর সময়ে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উঁচুতে ছিল।
আরও পড়ুন:
বিমানটির ইঞ্জিনে কী ধরনের গোলযোগ ছিল, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। বিমানটি খতিয়ে দেখা পরে দুপুর সাড়ে ৩টের সময়ে সেটি ফের দিল্লির উদ্দেশে রওনা দেবে বলে জানা যাচ্ছে। যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করেনি উড়ান সংস্থা।