দিল্লিতে মাদক পাচারের বড় চক্রের হদিস পেল পুলিশ। হেরোইন পাচারের সময় হাতেনাতে ধরা পড়েন রোহিত গোদারা গ্যাংয়ের এক সদস্য কুলদীপ স্বামী। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। বাজারে যার দাম ১২ কোটি টাকা।
তদন্তকারী সূত্রের খবর, ধৃত ব্যক্তি শুধু মাদক পাচারই করেন না, হাওয়ালার মাধ্যমে টাকাও লেনদেন করেন। কুলদীপের মাধ্যমে এই চক্রের শিকড়ে পৌঁছোনোর চেষ্টা করছে পুলিশ। একটি তোলাবাজির ঘটনাকে কেন্দ্র করে মাদক পাচারের বিষয়টি প্রকাশ্যে আসে। গুজরাত পুলিশ এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা তোলাবাজির মামলার তদন্ত করছিল। সেই তদন্ত করতে গিয়েই মাদক পাচারের একটি সংগঠিত নেটওয়ার্কের হদিস পায়। তোলাবাজির টাকা দিল্লিতে যাচ্ছে সেটা জানতে পারে গুজরাত পুলিশ। সঙ্গে সঙ্গে তারা দিল্লি পুলিশকে সতর্ক করে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, চাঁদনী চওকের কাছে কুলদীপকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে একটি গাড়িও ছিল। সেই গাড়িতে তল্লাশি চালাতেই ২ কেজি হেরোইন উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাকিস্তান থেকে পঞ্জাবের অমৃতসর হয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল ওই মাদক। সেখান থেকে দিল্লি-এনসিআর এবং রাজস্থানে ৫-৫০ লক্ষ টাকার বিনিময়ে ওই মাদক সরবরাহের পরিকল্পনা ছিল।