জেন-জ়ি আন্দোলনের ধাক্কায় মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সেই অভিঘাত ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কোনও রাজ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগে সেখানকার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে, কোথাও আবার অঙ্ক কষা হচ্ছে ইভিএমে জেন-জ়ি প্রভাব কতটা পড়তে পারে।
ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগে পঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা। বিজেপি সভাপতি নিতিন নবীনের ছেড়ে দেওয়া বাঁকিপুর আসনের উপনির্বাচনে জেন-জ়ি প্রভাব কতটা পড়তে পারে সেই হিসেব শুরু হয়েছে। নয়া প্রজন্মের মন জয়ে আরও এক কদম এগিয়ে গিয়েছে তেলঙ্গানার কংগ্রেস সরকার। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে ২১ বছর করার প্রস্তাব বিধানসভায়আনতে চলেছে।
অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডু সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। সে রাজ্যের প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেসের দাবি, শিক্ষামন্ত্রী নারা লোকেশকে ইস্তফা দিতে হবে এবং ওই দুর্নীর্তির তদন্ত ভার দিতে হবে সিবিআই-কে। ওয়াইএসআর কংগ্রেসের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির কথায়, “নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আমাদের প্রশ্ন, প্রায় সাড়ে তিন লক্ষ চাকরিপ্রার্থীর সঙ্গে যুক্ত ডিএসসি পরীক্ষায় গুরুতর অনিয়মের নৈতিক দায় নিয়ে কি রাজ্যের শিক্ষামন্ত্রী নারা লোকেশ পদত্যাগ করবেন? নাকি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জবাবদিহির বদলে নিজের ছেলেকেইরক্ষা করবেন?’’
অন্ধ্রপ্রদেশের মতোই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পঞ্জাবের আপ সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস ও বিজেপি। তাদের অভিযোগ, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা, পঞ্জাব স্টেট টিচার এবিলিটি টেস্ট-সহ ছ’টি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এক্স-এ প্রশ্ন তুলেছেন, ‘পঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করবেন? অরবিন্দ কেজরীওয়াল কবে শিক্ষামন্ত্রীকে বলবেন প্রশ্নফাঁসের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে’?
প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং বলেন, ‘‘পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোৎ বেইন্স কবে পদত্যাগ করবেন? চার বছরে ছয়টি বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। পড়ুয়াদের স্বপ্ন ভেঙে চুরমার। ছাত্রছাত্রীরা এই অনিয়মেরজবাবদিহি চান।’’
জেন-জ়ি আন্দোলনে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিহার। সেই রাজ্যের বাঁকিপুর বিধানসভায় উপনির্বাচন। ওই কেন্দ্র থেকে সাত বার বিধায়ক নির্বাচিত হয়েছেন বিজেপি সভাপতি নিতিন নবীন। এই কেন্দ্রের মোট ভোটার ৩.৭৯ লক্ষ। তার মধ্যে ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোটাদাতার বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে।