Advertisement
E-Paper

প্রতিবাদ করে কী পেতে চান? কে পোস্টারের টাকা দিল? গোয়ায় ছাত্রবিক্ষোভে শামিল হওয়া দুই পড়ুয়াকে ২৪০টি প্রশ্ন পুলিশের!

শুক্রবার ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশে যোগ দেওয়া দুই পড়়ুয়াকে ২৪০টি প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১৩:১১
ছাত্রবিক্ষোভে শামিল হওয়া দুই পড়ুয়াকে ২৪০টি প্রশ্ন গোয়া পুলিশের।

ছাত্রবিক্ষোভে শামিল হওয়া দুই পড়ুয়াকে ২৪০টি প্রশ্ন গোয়া পুলিশের। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ছাত্রবিক্ষোভে শামিল হয়ে পুলিশের ক্যুইজ়ের সম্মুখীন হলেন দুই পড়ুয়া। ২৪০টি প্রশ্নের উত্তর দেওয়ার পর তাঁদের ছেড়ে দেয় পুলিশ। ঘটনাটি গোয়ার মাপুসা এলাকার। গত শুক্রবার (২৪ জুলাই) ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশে যোগ দেওয়া ওই দুই পড়ুয়াকে ২৪০টি প্রশ্ন করা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

ওই পড়ুয়াদের কী কী প্রশ্ন করা হয়েছিল, তা-ও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের প্রশ্ন করা হয়েছিল, বিক্ষোভে নেতৃত্ব কে দিয়েছিলেন, প্রতিবাদ করার নেপথ্যে তাঁদের কী লক্ষ্য রয়েছে। পোস্টার, প্ল্যাকার্ডের জন্য টাকার জোগান কে বা কারা দিয়েছিলেন, তা-ও জিজ্ঞাসা করা হয়।

প্রতিবেদন অনুসারে, আন্দোলনকারীদের মধ্যে এক জনের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘উমর খালিদকে মুক্তি দিতে হবে’। তার পরেই পানাজির আজ়াদ ময়দানের ওই সমাবেশে যোগ দেওয়া দু’জনকে তলব করা হয়। এক জনকে রবিবার, অপর জনকে সোমবার। তাঁদের অন্তত ২৪০টি প্রশ্ন করা হয়। ‘উমর খালিদের মুক্তি’ বলতে তাঁরা কী বোঝেন, সেটাও জিজ্ঞাসা করা হয়। প্রসঙ্গত, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর প্রাক্তন ছাত্র এখন অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এ জেলবন্দি। ২০২০ সালের দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ওই দুই পড়ুয়াকে জিজ্ঞাসা করা হয়, তাঁরা কত বার উমরের মুক্তি চেয়ে স্লোগান দিয়েছেন। কোনও সরকার বা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়। এর পাশাপাশি প্রশ্ন করা হয়, তাঁরা গোয়ার বাইরেও অন্যত্র কোথাও ছাত্রবিক্ষোভে যোগ দিয়েছেন কি না। জিজ্ঞাসাবাদের পর অবশ্য দু’জনকেই ছেড়ে দেয় পুলিশ।

এই প্রসঙ্গে উত্তর গোয়ার পুলিশ সুপার (এসপি) হরিশ্চন্দ্র মদগইকর বলেন, “সিটিজ়েন্‌স অফ মাপুসা নামের একটি সংগঠন অভিযোগ জানিয়েছিল। তার ভিত্তিতে আমরা দু’জনকে ডেকেছিলাম। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।” তাঁদের ঠিক কতগুলি প্রশ্ন করা হয়েছিল, সেই বিষয়ে কিছু না-বললেও এসপি বলেন, “যখন আমরা তদন্ত শুরু করি, তখন সন্তোষজনক উত্তর পাওয়া না-পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলতে থাকে। তাই সেই ধরনের প্রশ্নই রাখা হয়েছিল।”

ছাত্রবিক্ষোভে উমরের মুক্তির দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যাওয়ায় উষ্মাপ্রকাশ করেছেন গোয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত। তিনি বলেন, “নিট-এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকার পড়ুয়াদের রয়েছে। কিন্তু কেউ কেউ সংসদ ভবন হামলায় অভিযুক্ত আফজ়ল গুরুর সঙ্গে সম্পর্ক রাখা উমর খালিদের মুক্তি চাইছেন। নিট-কাণ্ডের প্রতিবাদে উমর খালিদের বিষয় আসছে কী ভাবে?”

Cockroach Janata Party Goa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy