উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় আন্তঃসীমান্ত চোরাচালান চক্রের সন্ধান পেল মিজ়োরাম পুলিশ। সেখানে টানা তিন দিনের তল্লাশি অভিযানে ধরা পড়েছেন ছ’জন পাচারকারী। উদ্ধার হয়েছে ১৪ কোটি টাকার মাদক এবং প্রায় ৩.৩৬ টন সুপুরি।
বৃহস্পতিবার মিজ়োরাম পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত চাম্ফাই, সাইতুয়াল ও কোলাসিব জেলার বিভিন্ন সড়কে গাড়ি আটকে তল্লাশি অভিযান চালানো হয়। ধৃত ছ’জনের মধ্যে পাঁচ জনই মায়ানমারের নাগরিক বলে পুলিশের দাবি। এর সঙ্গে মায়ানমারের কোনও জঙ্গিগোষ্ঠীর যোগ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, বুধবার চাম্ফাই জেলার খাঙ্কাউন চেকপোস্টে তল্লাশির সময় একটি গাড়িতে সওয়ার মায়ানমারের এক নাগরিকের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার নিষিদ্ধ মেথামফেটামিন জব্দ করা হয়। আর একটি গাড়ি থামিয়ে সওয়ার মায়ানমারে যাত্রীর থেকে মেলে হেরোইন। মঙ্গলবার সাইতুয়াল জেলার কেইফাংয়ে নানা-তল্লাশির সময় প্রায় ১০ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১২.৭৪৬ কেজি মেথামফেটামিন-সহ ধরা হয় মায়ানমার থেকে আসা দুই পাচারকারীকে। কোলাসিব জেলায় উদ্ধায় হয় ৩ কোটিরও বেশি মূল্যের মাদক। পুলিশ একটি ট্রাকও আটক করে। তাতে ৪২টি বস্তায় থাকা ৩,৩৬০ কেজি শুকনো সুপুরি বাদাম বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ট্রাকচালকের কাছে বৈধ বাণিজ্য লাইসেন্স, পরিবহণ অনুমতিপত্র বা অন্যান্য প্রয়োজনীয় নথি ছিল না।