কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বৃহস্পতিবার দুপুরে এখানে কম্পন অনুভূত হয়। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পন অনুভূত হয়েছে ব্যাম্বু ফ্ল্যাট থেকে ২১৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে।
মাঝারি মাপের এই কম্পনে আতঙ্ক ছড়ায়। তবে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন। কোনও রকম জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে যাতে দ্রুত উদ্ধারকাজ চালানো যায় তার জন্য বিপর্যয় মোকাবিলা দলকেও প্রস্তুত রাখা হয়েছে। আন্দামান ও নিকোবর মূলত সক্রিয় কম্পন অঞ্চলের মধ্যে পড়ে। গত কয়েক মাসে সেখানে মৃদু কম্পন হয়েছে। তবে ফেব্রুয়ারির পর এ বছরে এখনও পর্যন্ত এই নিয়ে দ্বিতীয় বার কম্পনের মাত্রা ৪ ছাড়াল। ২ ফেব্রুয়ারি ওই অঞ্চলে যে ভূমিকম্প হয়, তার মাত্রা ছিল ৪.৬।
তবে এই কম্পনের জেরে কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট নয় বলে প্রশাসন সূত্রে খবর। এই কম্পনের জেরে হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।