২৪৮ কোটি টাকার রিয়েল এস্টেট প্রতারণা মামলায় এ বার হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কান্ডার বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সূত্রের খবর, বৃহস্পতিবার তল্লাশি চালানো হয় প্রাক্তন মন্ত্রীর গুরুগ্রামের বাসভবন, খামারবাড়ি এবং অফিসে।
ভাটিকা লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার সূত্রে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান বলে সূত্রের খবর। ওই সংস্থার বিরুদ্ধে বাণিজ্যিক প্রকল্পে বিনিয়োগে প্রলুব্ধ করে ভাল ‘রিটার্ন’-এর আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে।
তদন্তকারী সূত্রের খবর, ৬৬১ জন বিনিয়োগকারীর কাছ থেকে চারটি প্রকল্পের নামে ২৪৮ কোটি ৪৬ লক্ষ টাকা তোলা হয় বলে অভিযোগ ওই সংস্থার বিরুদ্ধে। কথা দিয়েও তা খেলাপ করা হয়েছেও বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, বিনিয়োগের টাকা গোপালের বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে। ভাটিকা লিমিটেডের সঙ্গে যুক্ত দিল্লি-এনসিআর অঞ্চলে সাতটি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে গত মাসেই তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই তল্লাশি অভিযানে তিনটি দামি গাড়ি, গয়না এবং ব্যাঙ্কে গচ্ছিত অর্থ-সহ ৩৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করে।
ভাটিকা লিমিটেডের বিরুদ্ধে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে মামলা রুজু করেছিল ইডি। উল্লেখ্য, ২০২৪ সালে সিরসা থেকে নির্বাচন লড়েন কান্ডা। কিন্তু কংগ্রেসের গোকুল সেটিয়ার কাছে হেরে যান।