রাষ্ট্রপুঞ্জের সাধারণসভায় ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন তিনিই। আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ সভার উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সাধারণ সভায় যোগদান করার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন জয়শঙ্কর।
প্রতি বছরই সেপ্টেম্বরে আমেরিকার নিউ ইয়র্ক শহরে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে এই সাধারণ সভা হয়। চলতি বছর এই সভা ৮১ বছরে পড়ল। গত ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদ বা সভার অধিবেশন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কসভা। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান।
আরও পড়ুন:
পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর থেকে পর্যায়ক্রমিক পদ্ধতিতে প্রতি বছর রাষ্ট্রপুঞ্জ সাধারণ সভার সভাপতি নির্বাচিত করা হয়। এই পাঁচটি আঞ্চলিক গোষ্ঠী হল— আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (প্যাসিফিক), পূর্ব ইউরোপ, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য। এ বার ছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সভাপতি নির্বাচনের পালা। প্রাথমিক দৌড়ে বাংলাদেশ ও সাইপ্রাসের পাশাপাশি প্যালেস্টাইনও ছিল। তবে শেষ মুহূর্তে লড়াই থেকে সরে দাঁড়ায় প্যালেস্টাইন। সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে জয়ী হন খলিলুর।