মহারাষ্ট্রের এক বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শুক্রবার। ছত্রপতি শম্ভাজিনগরের এক হাসপাতালের শিশুবিভাগে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই শিশুবিভাগে ৯ সদ্যোজাত ছিল। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে আচমকা শিশুবিভাগ থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীদের সতর্ক করেন রোগীর আত্মীয়েরা। তার পর পরই আগুন ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল কর্মী এবং রোগীর আত্মীয়দের তৎপরতায় দ্রুত রোগীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়। তাদের মধ্যে ছিল ৯ সদ্যোজাতও। তাদেরও নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন:
হাসপাতালের কর্ণধার শোয়েব হাশমি জানিয়েছেন, ছোট আগুনের ঘটনা। তবে বিপদ বেড়ে যাওয়ার আগেই হাসপাতালে কর্মীরা তা নিয়ন্ত্রণে এনে ফেলেন। কোনও রোগী বা তাঁদের পরিজন এমনকি হাসপাতালের কোনও কর্মী এই ঘটনায় আহত হননি। যে বিভাগে আগুন লেগেছিল সেখান থেকে সকলকে নিরাপদে বার করে আনা হয়েছে। তাদের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। উল্লেখ্য ১০ দিন আগেই রাজ্যের অমরাবতীতে একটি হাসপাতালে শিশুবিভাগে আগুন লেগেছিল। সেই ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়।