Advertisement
E-Paper

বিষাক্ত মদ খেয়ে মধ্যপ্রদেশে মৃত্যু অন্তত ১০ জনের! অসুস্থ আরও, বড় ব্র্যান্ডের আড়ালেই মিশছে ভেজাল?

শনিবার রাতে মধ্যপ্রদেশের সাগর জেলার বরাজ গ্রামে কয়েক জন একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন। অভিযোগ, মদ্যপানের পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৩
মদে ভেজাল মেশানোর অভিযোগ মধ্যপ্রদেশে।

মদে ভেজাল মেশানোর অভিযোগ মধ্যপ্রদেশে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মধ্যপ্রদেশে বিষমদের রমরমা। বিষাক্ত মদ খেয়ে শনিবার রাতে অনেকে অসুস্থ হয়ে পড়েন সাগর জেলার বরাজ গ্রামে। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদসংস্থা পিটিআই। এ ছাড়া আরও কয়েক জন গুরুতর অসুস্থ। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। অভিযোগ, বড় ব্র্যান্ডের আড়ালেই মদে ভেজাল মিশছে। কে বা কারা এই কাজ করছে, তা তদন্তসাপেক্ষ। ইতিমধ্যে এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সাগরের জেলাশাসক।

পুলিশ সুপার অনুরাগ সুজানিয়া জানান, শনিবার রাতে বরাজ গ্রামে একদল মানুষ মদ খাচ্ছিলেন। আচমকা তাঁদের কয়েক জন বমি করতে শুরু করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। কিন্তু পাঁচ জনকে রাতেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। পরে আরও পাঁচ জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। প্রাথমিক ভাবে বিষক্রিয়ার কারণেই ন’জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ মনে করছে। তবে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এফআইআর রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে, জানিয়েছেন এসপি।

রাতের ঘটনার পর মধ্যপ্রদেশের ওই গ্রামে আবগারি দফতর হানা দিয়েছিল। স্থানীয় দোকান থেকে একাধিক মদের বোতল তারা বাজেয়াপ্ত করে এবং তার নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কিছু দিন আগেই এক স্থানীয় ঠিকাদার এলাকায় বিষমদ সরবরাহ করা হচ্ছে বলে আবগারি দফতরে অভিযোগ জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, ‘বম্বে হুইস্কি’ ব্র্যান্ডের আড়ালে মদে ভেজাল মেশানো হচ্ছে এবং স্থানীয় দোকানগুলিতে তা সরবরাহ করা হচ্ছে। দিন চারেক আগে তা নিয়ে আবগারি দফতর একটি বৈঠকও করে। সেখানেও ঠিকাদারেরা ভেজাল মদ সরবরাহের বিরুদ্ধে একজোটে সরব হয়েছিলেন এবং অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছিলেন। তা নিয়ে আলোচনার মধ্যেই অঘটন ঘটল। উত্তরপ্রদেশের সীমান্তবর্তী জেলার একটি চক্রের সঙ্গে বিষমদের কারবারের যোগ আছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Madhya Pradesh Spurious liquor Death News

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy