Advertisement
E-Paper

ঝাড়খণ্ডে বিক্রম-সহ চার মাওবাদীর আত্মসমর্পণ, পুলিশের নজরে আকাশ

পুলিশ সূত্রে খবর, একে ৪৭, রাইফেল, কার্তুজ ও ওয়াকিটকি-সহ মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন। জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে কোদামুনি কোড়া নামক এক মাওবাদীর মাথার দাম ছিল এক লক্ষ টাকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ০০:২৫
আত্মসমর্পণকারী মাওবাদী এবং ঝাড়খণ্ড পুলিশ আধিকারিকেরা।

আত্মসমর্পণকারী মাওবাদী এবং ঝাড়খণ্ড পুলিশ আধিকারিকেরা। — নিজস্ব চিত্র।

সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি-সহ চার মাওবাদী মঙ্গলবার আত্মসমর্পণ করলেন ঝাড়খণ্ডের সরাইকেলায়। আত্মসমর্পণকারীদের মাওবাদীদের মধ্যে এক জন জোনাল কমান্ডার শালুকা কায়েম (ডাঙ্গিল) ওরফে বিক্রম। যাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। এ বার পুলিশের নজর মাও-নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের দিকে। তাঁকে আত্মসমর্পণের বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

পুলিশ সূত্রে খবর, একে ৪৭, রাইফেল, কার্তুজ ও ওয়াকিটকি-সহ মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন। জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে কোদামুনি কোড়া নামক এক মাওবাদীর মাথার দাম ছিল এক লক্ষ টাকা। বিক্রম ও কোদামুনি ছাড়া বাকি দু’ই মাওবাদীর নাম পিঙ্কি পূর্তি ও অনিতা তামসোয়।

ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, ‘অপারেশন নবজীবন’ প্রকল্পে মাওবাদীদের মূল স্রোতে ফেরানো হচ্ছে। পুলিশ বিবৃতি অনুযায়ী, ২০২৫ - ২৬ অর্থবর্ষে পশ্চিম সিংভূম জেলায় ৪৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। গ্রেফতার হয়েছেন ৬০ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। পুলিশের দাবি, কোলহান, পোরাহাট ও সারেন্ডার জঙ্গল এলাকা মাও মুক্ত।

প্রসঙ্গত, ঝাড়খণ্ড ও পুরুলিয়া পুলিশ যৌথ অভিযান (মিশন আকাশ) চালাচ্ছে মাওবাদীদের কেন্দ্রীয় নেতা আকাশের খোঁজে। গত ৩০ জুলাই সংসদে কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, দেশের একটি জেলা এখনও উদ্বেগজনক। তবে কোন জেলা তা অবশ্য জানানো হয়নি। ঠিক তার আগের দিন ২৯ জুলাই ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছিলেন মাও শীর্ষ নেতা মিসির বেসরা। যাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা।

Jharkhand Maoists Ex maoists

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy