কিছুটা নজিরবিহীন ভাবে কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের মন্ত্রকে কর্মরত চার আমলাকে সরিয়ে দিল কেন্দ্র। আমলা পরিবর্তন রুটিন প্রক্রিয়া হলেও কী কারণে কেন্দ্রীয় মন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা চার জন শীর্ষ আমলাকে এক ধাক্কায় সরিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভূপেন্দ্র। এমনকি পরবর্তী সময়ে ভোটের পরে তৃণমূলের লোকসভা দলকে ভাঙার পিছনেও ছিলেন তিনি। আসন্ন মন্ত্রিসভা রদবদলে ভূপেন্দ্রকে যখন আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জল্পনা চলছে, তখন গত ৩ জুলাই একসঙ্গে ভূপেন্দ্র-ঘনিষ্ঠ চার আমলাকে সরিয়ে দেওয়া হয়।
পরিবেশ মন্ত্রক সূত্রের মতে, গত ৩ জুলাইয়ের সিদ্ধান্তে ভূপেন্দ্র যাদবের ব্যক্তিগত সচিব অমর সিংহ, দু’জন অতিরিক্ত ব্যক্তিগত সচিব আয়ুষ শরণ ও শৈলেশ কুমার এবং সহকারী ব্যক্তিগত সচিব সিদ্ধার্থ যাদবকে মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বলা হয়েছে। এর মধ্যে অমর সিংহ ভারতীয় রাজস্ব সেবার ২০১০ ব্যাচের আমলা। তিনি ২০২৪ সালের জুন মাসে ভূপেন্দ্রর ব্যক্তিগত সচিব হিসেবে যোগ দেন। তিনি এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত দায়িত্বে ছিলেন। কিন্তু মেয়াদ শেষের দু’মাস আগেই তাঁকে তাঁর নিজস্ব ক্যাডারে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। শৈলেন্দ্রকেও কর্মিবর্গ দফতরে ফিরে যেতে বলা হয়েছে। বাকি দু’জন সিদ্ধার্থ যাদব ও আয়ুষ শরণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন একসঙ্গে এত জনের রদবদল, তার কোনও জবাব দিতে চাননি মন্ত্রকের কর্তারা। যদিও বিরোধীদের দাবি, ধোঁয়া যখন উঠেছে তখন আগুনও থাকবে। গোটা ঘটনায় দুর্নীতির গন্ধই পাওয়া যাচ্ছে।