ভুয়ো পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ ছিল। তদন্ত এড়াতে পালিয়ে গিয়েছিলেন আমেরিকায়। তবে শেষরক্ষা হল না। ভারতের নাগরিক হার্নেক সিংহকে নয়াদিল্লিতে প্রত্যর্পণ করল আমেরিকা। বুধবার নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরেই হার্নেককে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকেরা।
হার্নেকের বিরুদ্ধে ষড়যন্ত্র, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ২০১৬ সালে মামলা রুজু করে এর তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে উঠে আসে যে, ২০১৩ সালে সিঙ্গাপুরে বসবাসরত একাধিক ভারতীয়কে ফোন করেছিলেন হার্নেকরা। সেখানে নিজেদের সিঙ্গাপুরের অভিবাসন দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দিতেন তাঁরা। ফর্মে পদ্ধতিগত ত্রুটির কথা জানিয়ে পাসপোর্ট বাতিলের হুমকি দেওয়া হত। মোটা টাকার বিনিময়ে সমস্যা সমাধানের কথাও বলা হত।
আরও পড়ুন:
তদন্তে নেমে সিবিআই আধিকারিকেরা জানতে পারেন, এই টাকা ঘুরপথে চলে যাচ্ছে হার্নেক এবং তাঁর দুই শাগরেদ আদিত্য ভরদ্বাজ ও দীপক জৈনের কাছে। তদন্ত থেকে বাঁচতে ২০১৩ সালে অবৈধ ভাবে আমেরিকায় ঢোকেন হার্নেক। সিবিআইয়ের মামলায় বিশেষ বিচারবিভাগীয় আদালতে তাঁর দুই সঙ্গীর বিচারপ্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল ২০২৫ সালেই। দু’জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। কিন্তু পলাতক থাকায় হার্নেকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যায়নি। ২০২৪ সালে হরিয়ানার পঞ্চকুল্লার একটি আদালত হার্নেকের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
তার পরেই ইন্টারপোলের দ্বারস্থ হয় সিবিআই। হার্নেকের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়। আমেরিকা তাঁকে ভারতে প্রত্যর্পণ করার সিদ্ধান্ত নেয়। বুধবার দিল্লি বিমানবন্দরে নামা মাত্র তাঁকে পাকড়াও করা হয়। বৃহস্পতিবার হার্নেককে পঞ্চকুলার আদালতে হাজির করানোর কথা।