দামি স্মার্টফোন কিনে দিতে না চাওয়ায় মায়ের সঙ্গে ঝগড়া কিশোরীর। তার কিছু পরেই দেহ উদ্ধার হল তার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাঞ্চরাপালেম থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বন্ধুদের কাছে দামি স্মার্টফোন রয়েছে। তাই তাকেও একটা কিনে দিতে হবে— মায়ের কাছে এই আবদার করেছিল বছর পনেরোর ওই কিশোরী। জেদ ধরে, বন্ধুদের কাছে যে ধরনের স্মার্টফোন রয়েছে, তাকেও সে রকম ফোন কিনে দিতে হবে। কিন্তু দামি ফোন কিনে দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা নেই তার মায়ের। তিনি দিনমজুরের কাজ করেন।
পুলিশ জানিয়েছে, তাঁদের আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করেছিলেন মহিলা। কিন্তু বিষয়টি নিয়ে মা-মেয়ের মধ্যে মন কষাকষি হয়। ফোন কিনে দিতে হবে বলে নিজের জেদেই অনড় থাকে কিশোরী। বৃহস্পতিবার দু’জনের মধ্যে বারকয়েক কথা কাটাকাটিও হয়। তার পরই কিশোরী নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অনেকক্ষণ হয়ে গেলেও দরজা না খোলায় আশপাশের লোকজনকে ডাকেন মহিলা। তার পর দরজা ভেঙে তার দেহ উদ্ধার হয়
পুলিশ জানিয়েছে, কিশোরী নবম শ্রেণিতে পড়ত। কিশোরীর পারিবারিক সমস্যাও রয়েছে। বাবা-মা আলাদা থাকেন। মায়ের সঙ্গেই থাকত কিশোরী। ফোনের আবদার মেটাতে না পারায় কিশোরী এ ভাবে নিজেকে শেষ করে দেবে, তা ভাবতেই পারছেন না পড়শিরা। তাঁদের কয়েক জন জানিয়েছেন, কিশোরীর মায়ের সঙ্গে ফোন নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হত। বৃহস্পতিবার তা চরমে ওঠে। মেয়েকে বকাবকিও করেন মহিলা।