E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জিএসটি হ্রাসে তুঙ্গে বাজারে গাড়ির গতি

সোমবার থেকে জিএসটি-র নতুন হার কার্যকর হয়েছে। আজ কেন্দ্রীয় সরকারের সূত্রে জানানো হয়েছে, গাড়ি শিল্পে অভূতপূর্ব বিক্রি ও চাহিদার ঝড় উঠেছে। বিশেষ করে ছোট গাড়ির ক্ষেত্রে আগ্রহ তুঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১০

—প্রতীকী চিত্র।

জিএসটি-র হার কমলেই বাজারে কেনাকাটার ঝড় উঠবে বলে আশা করছিল নরেন্দ্র মোদী সরকার। তাদের দাবি, জিএসটি বোঝা কমার প্রথম দিনেই গাড়ি বিক্রির ক্ষেত্রে ইতিহাস তৈরি হয়েছে।

সোমবার থেকে জিএসটি-র নতুন হার কার্যকর হয়েছে। আজ কেন্দ্রীয় সরকারের সূত্রে জানানো হয়েছে, গাড়ি শিল্পে অভূতপূর্ব বিক্রি ও চাহিদার ঝড় উঠেছে। বিশেষ করে ছোট গাড়ির ক্ষেত্রে আগ্রহ তুঙ্গে। মারুতি সুজুকি জানিয়েছে, প্রথমদিনেই ৮০ হাজার খোঁজখবর ও ৩০ হাজার গাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে গিয়েছে। গত ৩৫ বছরে একদিনে এত ব্যবসা হয়নি। সাধারণত উৎসবের মরসুমে যে পরিমাণ গাড়ি বিক্রি হয়, সেই তুলনায় গাড়ির বুকিং ৫০% বেড়েছে। হুনডাই, টাটা মোটর্সও পিছিয়ে নেই।

সরকারি সূত্রের বক্তব্য, ফ্লিপকার্ট, অ্যামাজ়নের মতো অনলাইনে কেনাবেচা তুঙ্গে উঠেছে। ফ্যাশন ব্র্যান্ড স্নিচ-এর অনলাইন অর্ডার ৪০ শতাংশ বেড়েছে। ইলেকট্রনিক্স পণ্য, টিভি, এসি-র ক্ষেত্রে জিএসটি বোঝা কমার ফলে বিক্রি বাড়তে শুরু করেছে। কারণ এসি-র দাম ৩ থেকে ৫ হাজার টাকা কমেছে। আধুনিক টিভি-র দাম ৮৫ হাজার টাকার মতো কমেছে। কেন্দ্র জানিয়েছে, জিএসটি-র হার কমা সত্ত্বেও তার সুবিধা না মিললে জাতীয় গ্রাহক হেল্পলাইন ১৯১৫-এ ফোন করে বা ৮৮০০০১৯১৫-এ ওয়টসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে।

আজ বিজেপিও এ নিয়ে প্রচারে নেমেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিক বৈঠকে বলেছেন, জিএসটি ছাঁটাইয়ের প্রথমদিনেই গাড়ি থেকে ইলেকট্রনিক্স— সব ক্ষেত্রে রেকর্ড বিক্রি হয়েছে। ছোট ও মাঝারি আকারের গাড়ি ছাড়াও বেড়েছে বাইক-স্কুটারের বিক্রি। একই সঙ্গে মুধমেহ, কর্কট রোগ, উচ্চ রক্তচাপের মতো ওষুধেরও দাম কমেছে।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্য, জিএসটি-র হার কমানো আসলে মোদী সরকারের দেরিতে বোধোদয়। কারণ জিএসটি-তে এত রকম করের হার ও চড়া হারের ফলে অর্থনীতি হোঁচট খেয়ে চলছিল। মোদী সরকার অবশ্য নোট বাতিল ও ওয়াকফ সংশোধনী আইনের মতো কোনও ভুলই স্বীকার করবে না।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Car Sales Indian Car Market New GST Rate New GST Slab

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy