Advertisement
E-Paper

পাহাড় থেকে গাড়ির উপর নেমে এল ধস, বড় পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যু হিমাচলের চম্বায়

পুলিশ জানিয়েছে, গাড়িতে ১৫ জন ছিলেন। লাহুল-স্পিতির উদয়পুর থেকে পাঙ্গিতে যাচ্ছিল গাড়িটি। কিল্লার-উদয়পুর রোডে কাদু নালার কাছে ধস নামে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১৭:২৩
ধসের নীচে চাপা পড়ে যাওয়া সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

ধসের নীচে চাপা পড়ে যাওয়া সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

পাহাড় থেকে ধস নেমে এল গাড়ির উপরে। বিশাল আকারের পাথরের নীচে চাপা পড়ে মৃত্যু হল ১৩ জনের। শুক্রবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চম্বা জেলায়।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কিল্লার-উদয়পুর রোডে কাদু নালার কাছে পাঙ্গী উপত্যকায় এই ঘটনাটি ঘটেছে। ভরমৌর-পাঙ্গীর বিধায়ক জনক রাজ এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। ১৩ জনের মৃত্যুর খবরও তিনি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, গাড়িতে ১৫ জন ছিলেন। গাড়িটি লাহুল-স্পিতির উদয়পুর থেকে পাঙ্গীতে যাচ্ছিল। সেই সময়েই ধসের কবলে পড়ে বাহনটি। স্থানীয় সূত্রে খবর, ধসের কারণে কয়েক দিন বন্ধ ছিল কিল্লার-উদয়পুর রাস্তা। শুক্রবার সকালে আবার যান চলাচল শুরু হয়।

পুলিশ জানিয়েছে, গাড়ির দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত ১৩ জনের মধ্যে ছ’মাসের একটি শিশুও রয়েছে। উল্লেখ্য, হিমাচলে বেশ কিছু দিন ধরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। জায়গায় জায়গায় ধসও নামছে। এই পরিস্থিতিতে ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে।

স্থানীয় সূত্রে খবর, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেটি বর্ষার মরসুমে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। কিল্লার-উদয়পুর রাস্তায় বহু জায়গা ধসপ্রবণ। বিশেষ করে বর্ষার মরসুমে এই রাস্তা অত্যন্ত ঝুঁকিপ্রবণ হয়ে ওঠে। তাই বর্ষার মরসুম শুরু হতেই এই রাস্তায় সাবধানে এবং সতর্ক ভাবে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পাথর আলগা হয়ে হুড়মুড়িয়ে নেমে আসে রাস্তার উপর। সেই সময়ে ওই রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। ধসের কবলে পড়ে সেই গাড়ি। বড় পাথরের নীচে চাপা পড়ে তালগোল পাকিয়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং উদ্ধারকারী দল। পাথর সরিয়ে গাড়ি কেটে দেহগুলি বার করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর।

Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy