স্ত্রী রিয়া তালুকদারকে খুনের অভিযোগে গ্রেফতার রামানুজ গোস্বামী হুঁশিয়ারি দিলেন এ বার ‘সুগার ড্যাডি’কেও খুন করবেন তিনি। কিন্তু কে এই ‘সুগার ড্যাডি’? কেন তাঁকে খুন করার কথা বললেন অভিযুক্ত রামানুজ? মঙ্গলবার তাঁকে গুয়াহাটি আদালতে পেশ করা হয়েছিল। আদালতে প্রবেশ করার সময়ই এই হুমকি দেন তিনি।
সাংবাদিকদের তিনি জানান, স্ত্রীকে খুন করেছেন। এ বার জেল থেকে বেরিয়ে ‘সুগার ড্যাডি’কেও খুন করবেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় কে এই ‘সুগার ড্যাডি’, সেই উত্তর এড়িয়ে যান রামানুজ। উল্টে জানান, তিনি যে কাজ করেছেন, তাঁর জন্য অনুতপ্ত নন। রামানুজকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। দু’দিন ধরে পালিয়ে বেড়ানোর পর রবিবার রাতে তিনি আত্মসমর্পণ করেন। কেন তিনি স্ত্রী রিয়াকে খুন করলেন, কারণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ঘটনার পুনর্নির্মাণও করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারীদের সন্দেহ, স্ত্রীর সঙ্গে অশান্তির পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপান রামানুজ। কিন্তু ‘সুগার ড্যাডি’র প্রসঙ্গ তাঁর মুখে শোনা যেতেই এই হত্যাকাণ্ডের রহস্য আরও বেড়েছে। গত ৬ সেপ্টেম্বর প্রতিবেশীরা পচা গন্ধ পান। রামানুজদের ফ্ল্যাট থেকে সেই গন্ধ আসছিল। পড়শিরা পুলিশকে জানান, বেশ কিছু দিন ধরে দম্পতিকে দেখা যাচ্ছিল না। তাঁদের ফোনও বন্ধ। স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই রিয়ার দেহ দেখতে পান। তাঁর হাতের প্রতিটি আঙুল কাটা ছিল। মাথা ছিল না। তল্লাশি চালিয়ে ঘরের ভিতরে ফ্রিজ থেকে রিয়ার কাটা মাথা এবং আঙুল উদ্ধার করে পুলিশ। রিয়ার স্বামীর খোঁজ শুরু করে পুলিশ। কিন্তু হদিস পাওয়া যাচ্ছিল না। রবিবার থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি।