আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত! এমনই মন্তব্য করে বিতর্কে রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠৌর। নিজের মন্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, নিজের দেশের স্বার্থ জড়িত থাকলে অবশ্যই ভারতের পাশে থাকবেন।
বৃহস্পতিবার একটি সভায় রাঠৌর বলেন, “যদি আজ আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তা হলে আমরা পাকিস্তানের পাশেই থাকব। কারণ পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ।” একই সঙ্গে তাঁর সংযোজন, “যখন আমাদের মধ্যে কোনও সমস্যা হবে, আমরা অবশ্যই ভারতের পাশে থাকব। বোঝা গেল? এটা আমাদের বোঝা উচিত।”
রাজস্থানের বিজেপি সভাপতির এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই বিতর্ক তৈরি হয়েছে। বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রাজস্থানের বিজেপি সভাপতিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছেন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, “যে দেশ আমাদের দেশের মানুষ এবং সেনাদের হত্যা করেছে, সেই পাকিস্তানের প্রতি বিজেপির প্রেম আরও একবার প্রকাশ্যে চলে এল। নরেন্দ্র মোদী, অমিত শাহও কি পাকিস্তানের পক্ষে? ওই দেশদ্রোহীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?”