সার্ক রাষ্ট্রগোষ্ঠীর কাজকর্মে ফের গতি আনা ও আঞ্চলিক ঐক্য নিয়ে আলোচনাসভা চলছিল ঢাকায়। বক্তা ভারতে বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার তারিক করিম।
করিমের বক্তব্যের মধ্যেই হঠাৎ এক তরুণী বললেন, ‘‘ভারতের যে মানচিত্র দেখানো হচ্ছে তা ভুল। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।’’ করিম জবাবে বললেন, ‘‘এই মানচিত্র প্রতীকী। প্রকৃত সীমান্ত এতে দেখানো হয়নি।’’ জবাবে তরুণী নম্র ভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে বললেন, ‘‘আমি বুঝেছি। কিন্তু জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে তা সঠিক ভাবে তুলে ধরা হয়নি। আমি সেটাই বলতে চেয়েছি।’’
এর পরেই তরুণীর পরিচয় জানতে চান করিম। তরুণী জানান, তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। করিম বলেন, ‘‘আপনার বক্তব্য মাথায় রাখব।’’ করিম তাঁর বক্তব্যে বলেন, ‘‘ভারত ভাগ ছিল এক পরিবার ভাগের মতো বিষয়।’’ আলোচনাসভায় ছিলেন বাংলাদেশি বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।