Advertisement
E-Paper

মহাকাশে পাড়ি দিলেন নাসার ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন আট মাস

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের ‘এক্সপিডিশন-৭৫’-এ ক্রু সদস্য এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্ব পালন করবেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী একাধারে ইঞ্জিনিয়ার এবং চিকিৎসক অনিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০১:১৪
ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন।

ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন। — ফাইল চিত্র।

কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামস, রাজা চারির পরে এ বার মহাকাশে রওনা হলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর অনিল মাধবন সমইলেঙ্কো মেনন। মঙ্গলবার কাজ়াখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চড়ে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা দিয়েছেন।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের ‘এক্সপিডিশন-৭৫’-এ ক্রু সদস্য এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্ব পালন করবেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী একাধারে ইঞ্জিনিয়ার এবং চিকিৎসক অনিল। এটাই তাঁর প্রথম মহাকাশ যাত্রা। এই অভিযানে অনিলের সঙ্গে রয়েছেন রুশ মহাকাশচারী পিওতর দুব্রভ ও আনা কিকিনা। যদিও তাঁদের দু’জনের এটি দ্বিতীয় মহাকাশ অভিযান। এই তিন নভশ্চর প্রায় ৮ মাস মহাকাশে অবস্থান করবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজে যুক্ত থাকবেন তাঁরা।

ভারতীয় বংশোদ্ভূত অনিলের জন্ম আমেরিকার মিনেসোটার মিনিয়াপোলিসে। তিনি ইউক্রেন এবং ভারতের অভিবাসীদের সন্তান। মিনেসোটার সেন্ট পল অ্যাকাডেমি অ্যান্ড সামিট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন অনিল। ১৯৯৫ সালে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেন। এর পর ১৯৯৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজিতে স্নাতক হন। ২০০৪ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেন। এখানেই শেষ নয়, এর পর ২০০৬ সালে স্ট্যানফোর্ড মেডিক্যাল স্কুল থেকে মেডিক্যাল ডিগ্রিও অর্জন করেন অনিল। ২০০৯ সালে স্ট্যানফোর্ডে জরুরি চিকিৎসায় রেসিডেন্টশিপ শেষ করেন। ২০১০ সালে ওয়াইল্ডারনেস মেডিসিনে ফেলোশিপ পান। ৪৮ বছর বয়সি অনিল দীর্ঘ দিন মার্কিন বিমানবাহিনীতে কাজ করেছেন। ২০১৪ সালে নাসায় যোগ দেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে। সয়ুজ ‘টিএমএ-১৩এম’ এবং ‘সয়ুজ টিএমএ-১৭এম’-এর ডেপুটি ক্রু সার্জন এবং ‘সয়ুজ এমএস৬’-এর প্রাথমিক ক্রু সার্জন হিসাবে দায়িত্ব পালন করেছেন অনিল। ১,০০০ ঘণ্টারও বেশি ওড়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

NASA Indian Origin Astronaut

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy