গত দু’মাসে এই নিয়ে দ্বিতীয়বার। ভারতের আদালতে লশকর-এ-ত্যায়বার প্রতিষ্ঠাতা হাফিজ় সইদের বিরুদ্ধে আবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি। অভিযোগ, অস্ত্র ও আর্থিক সাহায্য পাঠিয়ে জম্মু ও কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলায় মদত দিচ্ছেন সইদ।
আরও পড়ুন:
চলতি বছরের গোড়ার দিকে শ্রীনগরের কাছে পান্ডাচ থেকে গ্রেফতার হন মোহম্মদ নাকিব ভট্ট। তাঁর কাছ থেকে একটি চিনা গ্রেনেড ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জাকুরা থানায় ইউএপিএ, অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রজু হয়। ভট্টকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যায়, তার ভিত্তিতে আরও কয়েক জন লশকর জঙ্গিকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে সইদ-যোগ। পাকিস্তানের স্থায়ী বাসিন্দা হাফিজ় সইদের সঙ্গে ভট্টের সরাসরি যোগাযোগ মেলার কথা উল্লেখ করে এনআইএ। তাদের আবেদনের ভিত্তিতে গত মঙ্গলবার জম্মুর বিশেষ আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এর আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গত ৮ জুলাই জম্মুর ওই আদালতই সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে।