জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় কেরন সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। কিন্তু রুখে দেয় সেনা। সেনার হামলার মুখে পড়ে পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শনিবার ভোর থেকে গুলির লড়াই শুরু হয় উত্তর কাশ্মীরের কেরন সেক্টরের জুমাগুন্দ এলাকায়।
সেনা সূত্রে খবর, ভোর সাড়ে ৩টে নাগাদ অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েক জন সন্দেহভাজন জঙ্গি। টহলরত জওয়ানেরা সঙ্গে সঙ্গে তাদের রুখে দেওয়ার চেষ্টা করেন। বাহিনীর বাধার মুখে পড়ে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। তারা একটি জঙ্গলে লুকিয়ে পড়ে। সেখান থেকেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালায় বাহিনীও।
জঙ্গল ঘিরে ফেলে বাহিনী। কয়েক ঘণ্টা গুলির লড়াই চলে দু’পক্ষের মধ্যে। সেনা সূত্রে খবর, জঙ্গিদের কোণঠাসা করে ফেলা হয়। তবে জঙ্গিরা সংখ্যায় কত জন, তা এখনও স্পষ্ট নয়। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রাখা হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে জোরালো বিস্ফোরণ হয়। কৃষ্ণা ঘাঁটির কাছে জিরো লাইনে নঙ্গী টেকরী এলাকায় সেই বিস্ফোরণ হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। সেই সময় মাইন বিস্ফোরণে চার জঙ্গির মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে লশকর জঙ্গিগোষ্ঠীর এক কমান্ডারও ছিল বলে পুলিশ সূত্রে খবর। অনুপ্রবেশ রুখতে নিয়ন্ত্রণরেখা বরাবর ‘অ্যান্টি ইলফিলট্রেশন’ যে মাইন পুঁতে রাখা হয়েছিল, সেটি বিস্ফোরণ হতেই চার জঙ্গির মৃত্যু হয়।