জম্মু ও কাশ্মীরের উপর ভারতের অধিকার, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ একটি প্রস্তাব পেশ করা হয়েছে। ব্রিটেনের প্রধান বিরোধী দল কনজ়ারভেটিভ পার্টির প্রভাবশালী এমপি বব ব্ল্যাকম্যান ২৬ অক্টোবর পালিত জম্মু ও কাশ্মীর সংযুক্তি দিবস উপলক্ষে প্রস্তাবটি (আর্লি ডে মোশন) উত্থাপন করেন।
‘হাউস অফ কমন্স’-এ পেশ করা প্রস্তাবটিতে জম্মু ও কাশ্মীর সম্পর্কিত আলোচনায় গঠনমূলক কূটনৈতিক আলোচনা, সাম্প্রদায়িক সংহতি এবং সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডের সীমানার প্রতি সম্মান প্রদর্শনেরও আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপি গিল ফার্নিস, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)-র এমপি জিম শ্যানন এবং লিবারেল ডেমোক্র্যাট এমপি লুক টেলর।
প্রস্তাবটিতে উল্লেখ করা হয়েছে যে, ১৯৪৭ সালের ২৬ অক্টোবর মহারাজা হরি সিংহ জম্মু ও কাশ্মীরের ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির নথিতে (ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন) স্বাক্ষর করেছিলেন। তাই সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ। জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশের পাশাপাশই সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে প্রস্তাবে। রয়েছে কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার প্রসঙ্গও।