অনশন করার জন্য এক কৃষকের বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিল মাদ্রাজ হাই কোর্ট। সেই সঙ্গে বিচারপতি এম নির্মল কুমার বলেন, প্রতিবাদ করা ও স্লোগান দেওয়া কোনও অপরাধ নয়। বরং সেটাই গণতন্ত্রের অভিজ্ঞান।
তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার কৃষক সংগঠনের বিরুদ্ধে বারবার ফৌজদারি মামলা হওয়ার প্রতিবাদে করেন মামলায় অভিযুক্ত কৃষ্ণমূর্তি। সরকার পক্ষের দাবি, কৃষক সংগঠনের প্রতিষ্ঠাতা ও আইনজীবী এম ইয়াসানের বিরুদ্ধে মামলা তোলার দাবিতে অনশনে বসেন কৃষ্ণমূর্তি ও তাঁর সহযোগীরা। কৃষ্ণমূর্তির বিরুদ্ধে অনুমতি ছাড়াই প্রতিবাদ জানানো ও সাধারণ বাসিন্দাদের যাতায়াতে বাধা দেওয়ার মামলা দায়ের হয়।
বিচারপতি জানিয়েছেন, কৃষ্ণমূর্তি ও তাঁর সহযোগীদের প্রতিবাদের ফলে বাসিন্দাদের সমস্যা হয়েছে এমন প্রমাণ সরকার পক্ষ পেশ করতে পারেনি। স্লোগান দেওয়া ও বিক্ষোভ প্রদর্শন অপরাধ হতে পারে না। বরং তা গণতন্ত্রের অভিজ্ঞান। কৃষ্ণমূর্তির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ার কোনও ভিত্তি নেই। তা হল আইনের অপব্যবহার।