অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি রাখা হয়েছে সংসদের বাদল অধিবেশন। শেষ বসেছিল গত ১৩ অগস্ট। তার পর থেকে প্রায় দু’সপ্তাহ কাটতে চলল। তবে অধিবেশন স্থগিত রাখার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি। তা হলে কি ফের কোনও বিশেষ অধিবেশন ডাকা হবে? আলোচনা এবং গুঞ্জনের মাঝে এ বার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
অনুমান করা হচ্ছিল, এ বারের বাদল অধিবেশনেই লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করাতে চাইবে সরকার। তবে তা হয়নি। এ অবস্থায় কোনও বিশেষ অধিবেশন ডেকে সরকার ওই বিল পেশ করানোর পরিকল্পনা করছে কি না, তা নিয়ে কৌতূহল এবং জল্পনা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন মহলে। সেই কৌতূহলে আরও বাড়িয়ে দিলেন মন্ত্রী।
‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিজিজুর কাছে জানতে চাওয়া হয় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা নিয়ে। সরাসরি এর উত্তর না দিলেও মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বাদল অধিবেশনের সমাপ্তি এখনও ঘোষণা হয়নি। এটি আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত না করেই ফের সংসদে অধিবেশন ডাকা যেতে পারে।
আরও পড়ুন:
রিজিজু বলেন, “এটা সরকারের উপর নির্ভর করে। সংসদের অধিবেশন ডাকার হলে সরকারই সে বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করে অধিবেশন ডাকার জন্য। সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা না হলে তা ডাকা যেতেই পারে।” তা হলে কি বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে? যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সংসদীয় বিষয়ক মন্ত্রী। রিজিজুর কথায়, তাঁর মন্তব্যের দু’রকম ব্যাখ্যাই হতে পারে। তিনি বলেন, “সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে সাধারণ মানুষের সব বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ আমি শোনার জন্য তৈরি। তার পরে যখন সময় আসবে দেখা যাবে।”
বাদল অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি করে দেওয়ার কয়েক দিন পরেও অধিবেশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি। এ নিয়ে বিরোধী শিবির থেকে প্রশ্নও তোলা হচ্ছে। সরকার ফের অধিবেশন ডেকে আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করতে চাইছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। এ সবের মধ্যে রিজিজুর মন্তব্যে তা নিয়ে গুঞ্জন আরও বৃদ্ধি পেল।