বিতর্কে মধ্যপ্রদেশের ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) নেহা পচিসিয়া। পুলিশকর্তা হিসেবে তাঁর কাজের জন্য বরাবরই আলোচনায় থেকেছেন। এ বার সেই পুলিশকর্তার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ তুলেছেন পরিবহণ ব্যবসায়ী মহেন্দ্র জৈন। অভিযোগ, তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন ডিএসপি নেহা। গত ২১ জুলাই নাকা চেকিং চলছিল। সেই সময় মহেন্দ্রের একটি ট্রাক আটকান নেহা। তার পর চালকের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। মহেন্দ্রের দাবি, প্রথমে ২৫ হাজার টাকা নগদ দেওয়া হয়। বাকি ৫ হাজার টাকা পরে দেওয়া হয়।
মহেন্দ্রের অভিযোগ, টাকা না দিলে ট্রাক বাজেয়াপ্ত করা হবে বলে তাঁকে শাসানোও হয়। ইতিমধ্যেই নেহার বিরুদ্ধে পুলিশ সুপার তদন্তের নির্দেশ দিয়েছেন। শুধু তোলাবাজির অভিযোগ নয়, নেহার বিরুদ্ধে একটি খুনের মামলার তদন্তে গাফিলতিরও অভিযোগ উঠেছে। সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে আলাদা ভাবে। পুলিশ সূত্রে খবর, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেহার বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নেহার অধীনে থাকা কুঠলা, মাধবনগর এবং রঙ্গনাথ— এই তিন থানার ভারপ্রাপ্ত আধিকারিকদেরও বদলি করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মধ্যপ্রদেশের কাটনির ডিএসপি নেহা পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আগে বিমানসেবিকার চাকরি করতেন। পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর তাঁর কাজকর্ম পুলিশমহল এবং সাধারণ মানুষের প্রশংসা পায়। তবে তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠায় পুলিশমহলে চাঞ্চল্য ছড়িয়েছে।