টানা অনশনের কারণে শরীর ভেঙেছে। এই অবস্থায় শিক্ষাবিদ তথা সমাজসৈনিক সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লেখেন, “সরকার আপনার এবং কোটি কোটি যুবকের জীবন নিয়ে ভাবিত নয়। কিন্তু আমাদের জন্যই আপনার বেঁচে থাকা জরুরি। দয়া করে অনশন প্রত্যাহার করুন এবং লড়াই জারি রাখুন।”
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁসে কেন্দ্রের নীরবতার কারণে দিল্লির যন্তরমন্তরে অনশন শুরু করেছেন সোনম। মঙ্গলবার সেই অনশন ১৭ দিনে পড়েছে। টানা অনশনের কারণে সোনমের ওজন কমেছে ৮.২ কেজি। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’-র তরফে জানানো হয়েছে, সোনমের রক্তে গ্লুকোজের মাত্রা কমে ডেসিলিটার প্রতি ৬৭ মিলিগ্রাম হয়ে গিয়েছে। কিন্তু অনশন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় সোনম। এই পরিস্থিতিতে তাঁকে অনশন প্রত্যাহার করে নিতে অনুরোধ করলেন মহুয়া।
মহুয়া সমাজমাধ্যমে সোনমকে ‘স্যার’ সম্বোধন করে লিখেছেন, “বিচারের লড়াইয়ে দেশের যুবকদের ঐক্যবদ্ধ করেছে আপনার অনশন। আপনি আপনার লক্ষ্যে সফল।”
আরও পড়ুন:
সোমবার সোনমদের লড়াইকে সমর্থন জানিয়ে যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নসীরুদ্দীন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তাঁরাও সোনম-সহ অন্য অনশনকারীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন।
নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘ককরোচ’ দল। প্রথম থেকেই তাদের এই আন্দোলনে পাশে থাকার বার্তা দেন সোনম। পরে ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না-দেয়, তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না-মেলায় ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন লাদাখের এই সমাজসৈনিক।
অনশন শুরুর পর থেকে নিয়মিত সোনমের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। কেমন আছেন তিনি, তার তথ্যও দেওয়া হচ্ছে। সোমবার ‘ককরোচ’ দলের দেওয়া তথ্য অনুযায়ী, সোনমের রক্তচাপ ১০৭/৭০। ‘ককরোচ’ দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স পোস্টে লেখেন, ‘‘সোনম ওয়াংচুকের অনশনের ১৬তম দিন। আমি সরকারের কাছে অনুরোধ করছি এটাকে যেন অহঙ্কারের লড়াইয়ে পরিণত না-করা হয়। এখানে মানুষের জীবন ঝুঁকির মুখে।’’ তাঁর মতে, ‘‘ভুল স্বীকার করা দুর্বলতার লক্ষণ নয়। বরং তা ভুল শুধরে নেওয়ার ইচ্ছার লক্ষণ। আমরা শুধু জবাবদিহি চাই।’’
অনুগামীদের উদ্দেশে সোনমের বার্তা, ‘‘আমি গাঁধী নই। নায়কও নই। সাধারণ মানুষ। নিজে নিজের নায়ক হোন। নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করুন।’’ তিনি এ-ও জানান, তাঁর এই লড়াইয়ে সাধারণ মানুষকে তিনি পাশে পেয়েছেন। উল্লেখ্য, আগামী ২০ জুলাই সংসদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে ‘ককরোচ’ দল।