হরিয়ানার গুরুগ্রামে গাড়ি নিয়ে রেষারেষির জেরে এক যুবককে গাড়ি থেকে টনে বার করে মারধরের অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। তিন জনকে একটি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। আর এক অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
ঘটনাটি বৃহস্পতিবার রাতের। মদনপুরীর বাসিন্দা গৌতম গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি এসইউভি তাঁর গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করে। গৌতমের দাবি, তিনি গাড়িটিকে ছেড়েও দেন। কিন্তু সেটি তাঁর গাড়ির সামনে আচমকাই দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে নেমে আসেন চার যুবক। তার পর গাড়ির জানলার কাচ ভাঙার চেষ্টা করেন। উইন্ডশিল্ডেও লাঠি দিয়ে আঘাত করেন। দরজা না খোলায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবকেরা। তার পর তাঁকে টেনে বার করে মারধর করা হয় বলে দাবি গৌতমের।
কোনও রকমে তাঁদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালান গৌতম। দুই বন্ধুকে ফোন করেন। তাঁরা গৌতমের সঙ্গে যোগাযোগ করেন। তার পর তিন জন মিলে থানায় যান। গৌতমের গাড়ির ড্যাশক্যামে হামলার ঘটনা ধরা পড়েছিল। সেটি পুলিশের হাতে তুলে দেন। সেই ভিডিয়ো দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। তার পর গুরুগ্রামেরই একটি হোটেল থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গৌতমের দাবি, অভিযুক্তেরা তাঁকে খুনের হুমকি দিয়েছিল। সবকিছু খতিয়ে দেখছে পুলিশে। অভিযুক্তদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।