বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়েছিল যুবকের। বিয়ে যাতে ভেঙে না যায়, তাই প্রেমিকাকেই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। প্রেমিকাকে ডেকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পীলীভীতে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেল ৫টায় এক তরুণীকে রাস্তার পাশে কাতরাতে দেখেন পথচারীরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরাই। অবস্থার অবনতি হওয়ায় পীলীভীত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তরুণীর বাবার অভিযোগ, বান্টি কুমার নামে এক যুবক তাঁর কন্যাকে গ্রামের বাইরে ডেকে নিয়ে যান। তার পর তাঁকে অ্যাসিড খেতে বাধ্য করেন। আত্মহত্যায় প্ররোচনা দেন। কিশোরী অ্যাসিড খেয়ে নিতেই ঘটনাস্থল ছেড়ে পালান বান্টি।
তরুণীর পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বান্টির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সম্প্রতি সম্বন্ধ করে বিয়ে ঠিক করেন তাঁর বাড়ির লোকেরা। তার পর থেকে তরুণীর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন বান্টি। শুধু তা-ই নয়, তরুণী বিষয়টি জানতে চাইলে বান্টি এড়িয়ে যেতেন। এই ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মনোমালিন্যও হয়। সোমবার তরুণীকে গ্রামের বাইরে ডাকেন বান্টি। তার পর দু’জনে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তরুণী অ্যাসিড খেয়ে নিতেই এলাকা ছেড়ে পালান বান্টি। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।