ঝগড়া করতে করতে মোবাইল ছুড়ে মেরেছিলেন স্ত্রী। সেই মোবাইল গিয়ে লাগে স্বামীর মাথায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। সুস্থ হয়ে বাড়িও ফেরেন। তার পরে আবার অসুস্থ হয়ে মৃত্যু হয় স্বামীর। ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলাঙ্গির জেলায়। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পরিবার এবং প্রতিবেশীর সঙ্গে কথা বলে ইতিমধ্যে তথ্যসংগ্রহ শুরু করেছেন পুলিশকর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বেধেছিল। বচসার একটি পর্যায়ে স্বামীকে লক্ষ্য করে মোবাইল ছুড়ে মারেন স্ত্রী। সেটি লাগে যুবকের মাথায়। মোবাইলের আঘাতে গুরুতর জখম হন তিনি। তৎক্ষণাৎ পরিবারের লোকেরা তাঁকে বোলাঙ্গিরের জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরে যুবকের শারীরিক অবস্থার উন্নতি হয়। ফলে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতেও ফিরে যান তিনি।
আরও পড়ুন:
পরিবারের দাবি, বাড়ি ফেরার কিছু ক্ষণের মধ্যেই ওই যুবক ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আবার নিয়ে যাওয়া হয় জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে প্রাথমিক তদন্তও শুরু করেছে। পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে তদন্তের পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। মোবাইলের আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে কি না, সেই বিষয়টিও স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা।