ইউক্রেনের ওদেসা বন্দরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ফের হামলা চালানোর অভিযোগ উঠল। ওই ঘটনার পর থেকে নিখোঁজ জাহাজের দুই ভারতীয় নাবিক। ইউক্রেনের রাজধানী কিভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই জাহাজে মোট চার জন ভারতীয় ছিলেন। দু’জন নিরাপদে রয়েছেন। বাকি দু’জনের খোঁজ চালানো হচ্ছে। চলতি মাসেই কৃষ্ণসাগর পার হওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় চার জন ভারতীয় নাবিক নিহত হন। তার পরেই কৃষ্ণসাগর দিয়ে যাতায়াত করা নিয়ে ভারতীয় নাবিকদের সতর্ক করেছে বিদেশ মন্ত্রক। সেই আবহে আবার সেখানে জাহাজ লক্ষ্য করে হামলার অভিযোগ।
কিভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ২৫ জুলাই ওদেসা বন্দরে এমভি এজিএন রাগনার লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরে দুই ভারতীয় নিরাপদে রয়েছেন বলে খবর মিলেছে। বাকি দু’জনের খোঁজ মিলছে না। তাঁদের নাম পরিচয় প্রকাশ করেনি বিদেশ মন্ত্রক। এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে কিভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিখোঁজদের সন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। তবে বিবৃতিতে কোথাও রাশিয়ার কথা উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:
ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৃষ্ণসাগর পারাপারকারী জাহাজের উপর হামলার অভিযোগ উঠেছে মাঝেমধ্যেই। গত ১৯ জুলাই ইউক্রেনের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার জেরে প্রাণ হারান চার ভারতীয় নাগরিক। ওদেসা বন্দর ছাড়ার পরেই জাহাজটিতে হামলা হয় বলে অভিযোগ। গিনি বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামে ওই পণ্যবাহী জাহাজে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তার মধ্যে পাঁচ জন ভারতীয়। চার ভারতীয় নাগরিক নিহত এবং এক জন গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করে নয়াদিল্লি। ওদেসা বন্দর থেকে জাহাজটি ছাড়ার পরপরই ওই হামলার ঘটনাটি ঘটে। গিনি বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামে ওই পণ্যবাহী জাহাজে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তার মধ্যে পাঁচ জন ভারতীয়। চার ভারতীয় নাগরিক নিহত এবং এক জন গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানায় নয়াদিল্লি।ভারতীয় নাবিকদের উদ্দেশে বিদেশ মন্ত্রক পরামর্শ দিয়েছে, যদি ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি থাকে তবে সেখান দিয়ে যাওয়ার আগে বিবেচনা করুন।