দু’বছর আগে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে নয় বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল, খনি ও খনিজের উপরে রাজ্য সরকারগুলির কর বসানোর অধিকার রয়েছে। সেই রায় কার্যত নাকচ করে দিতে মোদী সরকার আজ লোকসভায় খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনে সংশোধনী বিল পাশ করাল। সরকারি বিলে রাজ্যের কর বসানোর অধিকারে লাগাম পরানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের শর্ত মানলে তবেই খনিজ ও খনিজ থাকা জমিতে লেভি বসানো যাবে। ছাত্রদের উপরে পুলিশি হামলা নিয়ে অমিত শাহের বিবৃতির দাবি নিয়ে বিরোধীদের হট্টগোলের মধ্যেই লোকসভায় বিল পাশ করানো হয়।
কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, ‘‘মোদী সরকার এই বিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নয় বিচারপতির রায় খারিজ করে দিতে চাইছে। এই বিল আলোচনা না করে সংসদে পাশ করানো উচিত নয়। এ নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে আলোচনা প্রয়োজন। কারণ যুক্তরাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যে এই বিলপ্রভাব ফেলবে।’’