গত বছর বিহারের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, সস্তায় ইন্টারনেটের সুযোগ নিয়ে তরুণরা ইনস্টাগ্রাম রিল বানিয়ে আয় করতে পারেন। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যন্তর মন্তরের আন্দোলনে সেই ইনস্টাগ্রাম রিলই মোদী সরকারের বিরুদ্ধে জেন জ়ি-র অস্ত্র হয়ে উঠেছে। আজ আগের অবস্থান থেকে সরে গিয়ে প্রধানমন্ত্রী সেই তরুণ প্রজন্মকেই সমাজমাধ্যম প্রভাবী (সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার)-দের থেকে সতর্ক করে দিলেন। বললেন, ‘‘জমানাটা রিলের। সমাজমাধ্যম প্রভাবীরা আপনাদের টেনে দূরে নিয়ে চলে যান। এই শর্টকাটের যুগেও একটা কথা মনে রাখতে হবে। রেলস্টেশনে যাঁরা সেতুর বদলে হেঁটে লাইন টপকাতে যান, তাঁদের জন্য লেখা থাকে— ‘শর্টকাট’ আপনাকে ‘কাট শর্ট’ করে দেবে।’’
যদিও জেন জ়ি আন্দোলনের পরে তরুণদের কাছে পৌঁছতে প্রধানমন্ত্রী নিজেই ইনস্টাগ্রামে ভিডিয়ো-বার্তা দিয়েছিলেন। তাঁর সরকারের মন্ত্রীদেরও ইনস্টাগ্রামে সক্রিয় হতে বলেছিলেন। আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যখন রিলের জমানার কথা বলেছেন, তখন হাততালি পড়েছে। মোদী বলেন, ‘‘শর্টকাটের রাস্তা নিয়েও যদি বেরোতে চান, যাঁকে পছন্দ, তাঁর আত্মজীবনী অবশ্যই পড়বেন।’’