মন্ত্রিসভার রদবদলের জল্পনার মধ্যেই আজ বিভিন্ন প্রতিমন্ত্রীর কাজের মূল্যায়নে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ও মন্ত্রকের সচিবদের কাজের মূল্যায়ন করেছিলেন প্রধানমন্ত্রী। আজ সেবা তীর্থ ভবনে সন্ধ্যায় প্রতিমন্ত্রীদের কাজের খতিয়ান নিলেন তিনি। সূত্রের মতে, আজকের বৈঠকে মূলত শিক্ষা মন্ত্রক, সামাজিক ন্যায় মন্ত্রক ও কৃষি মন্ত্রকের কাজের খতিয়ান নেওয়া হয়। সম্প্রতি যন্তরে মন্তরে বিক্ষোভের পরে পড়ুয়াদের মন জয়ে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে মোদী সরকার। বিশেষ করে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করাই লক্ষ্য। সূত্রের মতে, দেশ জুড়ে জাতীয় শিক্ষা নীতির সুষ্ঠু প্রয়োগ, পড়ুয়াদের জন্য নেওয়া যোজনার সঠিক রূপায়ণ হচ্ছে কি না, তা নিয়ে এ দিন আলোচনা হয়। পাশাপাশি যুবসমাজ বিশেষ করে পিছিয়ে থাকা শ্রেণির পড়ুয়া ও তরুণেরা সামাজিক ন্যায় মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের ফায়দা পাচ্ছেন কি না, তা-ও মোদী খতিয়ে দেখেন বলে সূত্রের খবর। পাশাপাশি কৃষি ক্ষেত্রে চাষিদের সমস্যা, সারের অপ্রতুলতা, ব্যাঙ্ক ঋণ, শস্য বিমা যোজনার মতো প্রকল্পগুলির লাভ কৃষকেরা পাচ্ছেন কি না তা নিয়ে বিশদে আলোচনা হয়।
দীর্ঘ সময় মন্ত্রিসভার সম্প্রসারণ ঝুলে রয়েছে। বিজেপির একাংশের দাবি, পিতৃপক্ষের আগেই তা সেরে ফেলা হবে। রাজনীতিকদের মতে, রদবদলের আগে মোদী ক্যাবিনেট ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেতাঁদের মন্ত্রী পদে রাখা হবে কি না, তা বুঝতে চাইছেন।