ম্যাজিস্ট্রেটের আদালতের নোটিসের বিরুদ্ধে আইসা নেত্রী নেহা বোরার আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট। নোটিসে আইসা নেত্রীকে কোর্টে হাজির হয়ে ১০ হাজার টাকার বন্ড ও শান্তিরক্ষা করার মুচলেকা দিতে বলা হয়েছিল।
বিএনএসএস-র অধীনে দিল্লি পুলিশ নেহাকে নোটিস পাঠায় ১৯ অক্টোবর। তাতে কেন তিনি ১০ হাজার টাকার বন্ড ও সমমূল্যের জামিনদার পেশ করবেন না ও তদন্তের সময়ে শান্তিরক্ষা করার মুচলেকা দেবেন না তা জানতে চাওয়া হয়। বিএনএসএস-এর অধীনে বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে এই নোটিস পাঠানো হয়।
১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির ‘লহরা দো তিরঙ্গা’ যাত্রার সময়ে নেহাকে আটক করা হয়। পুলিশের অভিযোগ, নিষেধাজ্ঞা ভঙ্গ করে নেহা মান্ডি হাউস ও যন্তর মন্তরে স্লোগান দিয়েছেন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। হাই কোর্টে আবেদনে নেহা জানান, এই নোটিসে ভুল তথ্য রয়েছে। তিনি শান্তিভঙ্গ করতে পারেন, এই দাবির পক্ষে কোনও তথ্য পেশ করা হয়নি। কিন্তু হাই কোর্ট নেহার যুক্তি মানেনি।