তথ্যপ্রযুক্তি (অন্তর্বর্তী সংস্থা ও ডিজিটাল মিডিয়া নৈতিকতা) বিধির পরিবর্তনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করল ২১টি সংবাদমাধ্যম।
তার মধ্যে নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুকেশ অম্বানী ও গৌতম আদানির মালিকানাধীন সংস্থাও রয়েছে। আগামিকাল এই মামলার শুনানি হওয়ার কথা। ডিজিটাল সংবাদমাধ্যমগুলির সংগঠনল ডিজিটাল নিউজ় পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ)-এর তরফে এই মামলা করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলির দাবি, পরিবর্তিত বিধির ফলে তথ্যানুসন্ধানী সাংবাদিকতার কাজ ব্যাহত হবে। এমনকি খবরের সূত্রও সরকারকে জানাতে বাধ্য হতে পারেন সাংবাদিকেরা। গত বছরে এই পরিবর্তন কার্যকর করেছে মোদী সরকার। এর ফলে মেটা ও গুগলের মতো সংস্থাকেও অনেক বেশি বিধি মেনে চলতে হচ্ছে। সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, তাদের ছাড় দেওয়া হয়নি। ফলে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।
সুপ্রিম কোর্টে করা মামলায় ডিএনপিএ-এর তরফে জানানো হয়েছে, পরিবর্তিত বিধি মানলে এক জন সাংবাদিক যে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে চাইছেন তাঁর কাছ থেকে আগে অনুমতি নিতে হতে পারে। সংবাদ মুছে দিতে হতে পারে। সাংবাদিকদের খবরের সূত্র প্রকাশ হয়ে যেতে পারে। বিতর্কিত বিধি পরিবর্তনের আর্জি জানিয়েছে ডিএনপিএ।