ওড়িশার ময়ূরভঞ্জে হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্সে বিস্ফোরণের জেরে এক রোগীর মৃত্যু হল। আহত হয়েছেন আরও দু’জন। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে অ্যাম্বুল্যান্সের ছাদ উড়ে গিয়ে ৪০ ফুট দূরে পড়ে। বিস্ফোরণের জেরে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মীরা। আতঙ্ক ছড়ায় রোগী এবং পরিজনদের মধ্যেও।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার লিক করেই এই দুর্ঘটনা। হাসপাতাল থেকে রোগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সটি দাঁড় করানো ছিল। রোগী সুযশ বারিককে অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সুযশকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। তাঁকে ভুবনেশ্বরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই অক্সিজেন সিলিন্ডারের পাশে আগুন ধরে যায়। চোখের নিমেষে সেই আগুন গোটা অ্যাম্বুল্যান্সে ছড়িয়ে পড়ে। তার পরই একটা জোরালো বিস্ফোরণ হয়। অগ্নিদগ্ধ অ্যাম্বুল্যান্স থেকে রোগীকে বার করার চেষ্টা করা হয়। কিন্তু তত ক্ষণে ঝলসে মৃত্যু হয়েছিল তাঁর। ঘটনার খবর পেয়েই দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অক্সিজেন সিলিন্ডারে কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।