Advertisement
E-Paper

রণতরীতে সংঘর্ষ বিরল, ইচ্ছা করেই কি ধাক্কা? আরব সাগরে চিনের কৌশল অনুসরণ পাকিস্তানের?

পাকিস্তানের নৌবাহিনীর ভেসেল পিএনএস হুনেইন মঙ্গলবার উত্তর আরব সাগরে রুটিন টহলদারির সময় ধাক্কা মেরেছে ভারতীয় জাহাজ আইএনএস কলকাতাকে। এটি ভারতের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধজাহাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৪
ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা।

ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা। ছবি: এক্স।

শক্তিশালী রেডার, দিক নির্ণয়ের নিখুঁত বন্দোবস্ত এবং উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা থাকে যে কোনও যুদ্ধজাহাজে। জলের মধ্যে তার আশপাশে কী কী আছে, আর কোনও জাহাজ আছে কি না, অন্য জাহাজ থাকলে তা কত দূরে রয়েছে, সব তথ্যই রাখেন নাবিকেরা। সচরাচর তাই দুর্ঘটনাজনিত কারণে দু’টি রণতরী একে অপরের সংস্পর্শে চলে আসে না। আরব সাগরে ভারতের শক্তিশালী রণতরী আইএনএস কলকাতায় পাকিস্তানি নৌসেনার জাহাজের ধাক্কাকে তাই ‘সাধারণ’ বলে মনে করতে পারছেন না অনেকেই। কারও কারও মতে, এটি পাকিস্তানের কৌশল। ভারতের উপকূলে চিনের কৌশল তারা অবলম্বন করছে বলেও কেউ কেউ দাবি করেছেন।

পাকিস্তানের নৌবাহিনীর ভেসেল পিএনএস হুনেইন মঙ্গলবার উত্তর আরব সাগরে রুটিন টহলদারির সময় ধাক্কা মেরেছে ভারতীয় জাহাজ আইএনএস কলকাতাকে। এটি ভারতের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধজাহাজ। পাক জাহাজের ধাক্কায় আইএনএস কলকাতার কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছে বিদেশ মন্ত্রক। তবে ঘটনার পরেই দিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের শীর্ষ কূটনীতিক সাদ আহমদ ওয়ারিচকে তলব করেছিল নয়াদিল্লি। সূত্রের দাবি, ভারতীয় রণতরীর সঙ্গে ধাক্কা খেয়ে পাক জাহাজের সামনের অংশ ভেঙে যায়। তাদের নৌসেনার চার জন কর্মীও আহত হন। কিন্তু আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে কোনও মন্তব্য করেনি ইসলামাবাদ।

পাকিস্তানের জাহাজের আচরণকে ‘অপেশাদার’ বলেছে ভারত। কিন্তু এই সংঘর্ষ কি নিছক দুর্ঘটনা? অনেকেই তা মানতে পারছেন না। ভারতীয় নৌসেনার ইস্টার্ন নেভাল কমান্ডের এক লেফটেন্যান্ট কমান্ডার ইন্ডিয়া টুডে-কে বলেছেন, আধুনিক যুদ্ধজাহাজে যে ধরনের প্রযুক্তি থাকে, তাতে সাধারণ ভুলে এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সম্ভবই নয়। একমাত্র যদি কোনও জাহাজের ক্যাপ্টেন-সহ সমস্ত নাবিক ঘুমিয়ে পড়েন, তখন এমন সংঘর্ষ হতে পারে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, চিনের কৌশল অনুসরণ করছে পাকিস্তান। ভারতীয় যুদ্ধজাহাজে আঘাত আদৌ দুর্ঘটনা নয়, বরং এটি বিশেষ কৌশলের অঙ্গ।

সংঘর্ষের পর আইএনএস কলকাতা।

সংঘর্ষের পর আইএনএস কলকাতা। ছবি: এক্স।

দক্ষিণ চিন সাগরে প্রতিপক্ষকে ভয় দেখাতে চিনের নৌসেনা একাধিক বার এমন কৌশল ব্যবহার করেছে বলে দাবি করছেন কূটনৈতিক বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, আরব সাগরে পাকিস্তানের আচরণ আসলে উস্কানিমূলক এবং এটা ভয় দেখানোর চেষ্টা। তাইওয়ান, জাপান কিংবা ফিলিপিন্সের সঙ্গে সংঘাতে চিনা ফৌজ এই ধরনের আচরণ করে থাকে। পাক নৌবাহিনীর সঙ্গে চিনের ঘনিষ্ঠতার কথা বিবেচনা করে অনেকে এ বিষয়ে দুইয়ে দুইয়ে চার করছেন।

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় টহল দিচ্ছিল ভারতীয় নৌসেনা। সেই সময় পাক নৌবাহিনীর টহলদারি জাহাজ দ্রুতগতিতে এসে ধাক্কা মারে আইএনএস কলকাতায়। নয়াদিল্লি জানিয়েছে, পাক বাহিনীর আচরণ ১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির অনুচ্ছেদ ১০-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ওই চুক্তি অনুযায়ী, সামরিক মহড়া, রণকৌশলগত অনুশীলন বা যুদ্ধজাহাজের টহলদারি চলার আগে সংশ্লিষ্ট দেশগুলিকে আগে থেকে রুট, সময় সব আগাম জানাতে হয়। এক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ না করে সরাসরি চুক্তি লঙ্ঘন করা হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের ঘটনা বেনজির।

Indian Navy Pakistan Navy arabian sea

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy