Advertisement
E-Paper

ফের বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম! ১০ দিনে এই নিয়ে তৃতীয় বার, কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি? দিল্লিতে কত

গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। ফের মূল্যবৃদ্ধি হল শনিবার। দাম কি আরও বাড়বে? উদ্বেগে আমজনতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৭:৩৫
কলকাতা-সহ সারা দেশে পেট্রল এবং ডিজ়েলের দাম বেড়েছে।

কলকাতা-সহ সারা দেশে পেট্রল এবং ডিজ়েলের দাম বেড়েছে। —ফাইল চিত্র।

পেট্রল ও ডিজ়েলের দাম ফের বাড়ল। শনিবার সকালে দেশের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৭ পয়সা করে বেড়ে গিয়েছে। ডিজ়েলের দাম বেড়েছে লিটার প্রতি ৯১ পয়সা করে। এই নিয়ে গত ১০ দিনে পর পর তিন বার মহার্ঘ হল জ্বালানি। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে।

কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৯৪ পয়সা। তার ফলে শনিবার থেকে এক লিটার পেট্রল কিনতে হচ্ছে ১১০ টাকা ৬৪ পয়সা দিয়ে। এ ছাড়া, কলকাতায় ডিজ়েলের দাম ৯৫ পয়সা করে বেড়ে গিয়েছে। ফলে নতুন দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা প্রতি লিটার। এর ফলে এক দিকে যেমন ব্যক্তিগত গাড়ি বা বাইক চালানোর খরচ বাড়বে, তেমন বাস, ট্যাক্সির মতো গণপরিবহণেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে।

গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। এ বার ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হওয়ায় গত ১০ দিনে প্রায় পাঁচ টাকা মহার্ঘ হয়ে গেল পেট্রল। নতুন করে দাম বেড়ে যাওয়ায় দিল্লিতে এখন এক লিটার পেট্রলের দাম ৯৯ টাকা ৫১ পয়সা। ডিজ়েল বিক্রি করা হচ্ছে ৯২ টাকা ৪৯ পয়সা প্রতি লিটারে।

পশ্চিম এশিয়ায় সঙ্কটের আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন। বস্তুত, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে এই মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক দেশের মতো ভারতকেও এই ধরনের জ্বালানির অধিকাংশ বাইরে থেকে আমদানি করতে হয়। ফলে এর প্রভাব ভারতের বাজারেও পড়ছে। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন মোদী।

দিল্লি এবং সংলগ্ন এলাকায় কমপ্রেস্‌ড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে। প্রতি কেজি এক টাকা করে মহার্ঘ হয়েছে সিএনজি। এই গ্যাস অটোর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এর ফলে অটোর ভাড়া ফের বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও কলকাতায় নতুন করে সিএনজি-র দাম বৃদ্ধির কোনও খবর এখনও পর্যন্ত নেই। দিল্লিতে মূল্যবৃদ্ধির পর শনিবার সিএনজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮১ টাকা ৯ পয়সায়। নয়ডা এবং গাজ়িয়াবাদে এক কেজি সিএনজি-র দাম ৮৯ টাকা ৭০ পয়সা। সিএনজি-র দামও ১৫ মে-র পর থেকে এই নিয়ে পর পর তিন বার বাড়ল।

শনিবার মূল্যবৃদ্ধির পর ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছেন, দেশে পেট্রল বা ডিজ়েলের সার্বিক কোনও ঘাটতি নেই। কিছু কিছু জায়গায় স্থানীয় ভাবে দাম বাড়ছে এবং তা সাময়িক। আঞ্চলিক চাহিদা এবং সরবরাহের সামঞ্জস্য না থাকায় দাম বাড়ছে বলে দাবি করেছে দেশের সবচেয়ে বড় তেল সংস্থা। বলা হয়েছে, আঞ্চলিক ভাবে কোথাও কোথাও পেট্রল এবং ডিজ়েলের চাহিদা বেড়ে গিয়েছে। দেশ জুড়ে ৪২ হাজার পেট্রল পাম্পের মধ্যে সামান্য কয়েকটিতেই জ্বালানির জোগান কম রয়েছে। শীঘ্রই তা স্বাভাবিক হয়ে যাবে, আশ্বস্ত করেছে ইন্ডিয়ান অয়েল।

Fuel Price Hike Petrol price Diesel Prices

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy