Advertisement
E-Paper

থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস্: মাঝরাতে ফের প্রধানমন্ত্রীর বার্তা ‘জেন জ়ি’-কে! মন্ত্রীদের ‘রিল’ বানানোর পরামর্শ দেওয়ার পর ‘আপনি আচরি ধর্ম’

রাত ১১ টা নাগাদ সমাজমাধ্যমে ৪০ সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ করে মোদী বলেন, ‘‘ধন্যবাদ বন্ধুরা। কাল বেশি রাতে আপনাদের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়ে গিয়েছিল।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২৩:৩০
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ফেসবুকের ভিডিয়োবার্তা থেকে গৃহীত।

ফের সমাজমাধ্যমে ভিডিয়োবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানালেন যুব সমাজের উদ্দেশে। বৃহস্পতিবার তাঁর দেওয়া ভিডিয়োবার্তার ‘সাফল্য’ উদ্‌যাপনের জন্যই শুক্রবারের এই ভিডিয়োবার্তা।

এ দিন রাত ১১ টা নাগাদ সমাজমাধ্যমে ৪০ সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ করে মোদী বলেন, ‘‘ধন্যবাদ বন্ধুরা। কাল বেশি রাতে আপনাদের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়ে গিয়েছিল।’’ তিনি বলেন, ‘‘যে ভিডিয়ো পোস্ট করেছিলাম তাতে আপনারা যে ভাবে সাড়া, পরামর্শ দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ।’’ বক্তব্যের শেষে আরও এক বার ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, ভালবাসা জারি থাকবে। যোগাযোগ বাড়তে থাকবে আরও ‘সক্রিয়’ ভাবে।

ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘গতকাল যারা আমার ভিডিয়ো দেখেছেন ও মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন, সেই সমস্ত তরুণ-তরুণীকে ধন্যবাদ।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বক্তব্য পেশের সময়ে নিজের চেনা ছন্দ থেকে বেরিয়ে সম্বোধনের জন্য ‘মিত্রোঁ’-র বদলে ‘ফ্রেন্ডস্’ শব্দবন্ধ ব্যবহার করেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবারেও তিনি বললেন ‘ফ্রেন্ডস্’। যুব সমাজকে কাছে টানার লক্ষ্যেই তাঁর এই সম্বোধন বলে মনে করা হচ্ছে।

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা ছিল, যুব সম্প্রদায়, মূলত জেন জ়ি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে রিল বানিয়ে পোস্ট করার। নিজের দেওয়া সেই পরামর্শ মেনে সবার আগে নিজেই জনসংযোগ শুরু করলেন মোদী।

বৃহস্পতিবার ভিডিয়োবার্তায় প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, নিট কেলেঙ্কারি-প্রশ্নফাঁস রুখতে খসড়া বিল তৈরি করা হয়েছে। এই বিষয়ে শুক্রবার মন্ত্রিসভায় আলোচনা হবে। সোমবার সংসদে সেই বিল পাস করানো হবে। প্রধানমন্ত্রীর সেই বার্তার পরেই গুরুগ্রামের হাসপাতালে বসে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার হাত থেকে শরবত পান করে অনশন প্রত্যাহার করেন সমাজসৈনিক সোনম ওয়াংচুক। ওই সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। সোনম অনশন প্রত্যাহার করলেও সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ চলবেই। এই পরিস্থিতিতে জেন জ়ি-র মন পেতে ‘ফ্রেন্ডস্’ সম্বোধন করে ফের সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করলেন প্রধানমন্ত্রী।

Prime Minister Indian Prime Minister

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy